উদ্ভিদ
গ্রিনহাউসে সারা মৌসুম ফুল
গ্রিনহাউসে ফুল চাষের সবচেয়ে বড় সুবিধা হলো, গাছের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পরিবেশের ওপর বাগানিরা অনেক বেশি নিয়ন্ত্রণ রাখতে পারেন।
আলো, তাপমাত্রা, আর্দ্রতা ও পুষ্টি উপাদানের সঠিক ভারসাম্য বজায় রেখে গাছের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করা এবং আকর্ষণীয় রঙের ফুল ফোটানো সম্ভব। তবে সফল ফুল চাষের জন্য শুরুতেই উপযুক্ত জাত নির্বাচন করতে হবে এবং পুরো বেড়ে ওঠার মৌসুমজুড়ে নিয়মিত পরিচর্যা চালিয়ে যেতে হবে।
উপযুক্ত ফুলের জাত নির্বাচন করুন
গ্রিনহাউসের পরিবেশ ও জায়গার সঙ্গে মানানসই ফুলের জাত বেছে নেওয়া জরুরি। পেটুনিয়া, জেরানিয়াম, বেগোনিয়া ও গাঁদা বেশ জনপ্রিয় কয়েকটি ফুল। তবে প্রতিটি জাতের বেড়ে ওঠার জন্য আলাদা ধরনের পরিবেশ ও পরিচর্যার প্রয়োজন হয়।
গাছ পূর্ণবয়স্ক হলে কতটা জায়গা নেবে, সেটিও আগে থেকে বিবেচনা করুন। ছোট আকারের বা কম জায়গায় বেড়ে ওঠে এমন গাছ তাক কিংবা বেঞ্চে রাখার জন্য উপযোগী। অন্যদিকে, বড় ও লম্বা গাছের জন্য তুলনামূলক বেশি জায়গা প্রয়োজন। প্রতিটি গাছের প্রয়োজনীয় সূর্যালোক, পানি এবং উপযুক্ত তাপমাত্রা সম্পর্কে জানতে গাছের লেবেল বা বীজের প্যাকেটের নির্দেশনা দেখে নিন।

পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন
গাছের সুস্থ বৃদ্ধি ও প্রচুর ফুল ফোটানোর জন্য পর্যাপ্ত আলো অপরিহার্য। সূর্যালোকের অভাবে গাছের কাণ্ড দুর্বল হয়ে যেতে পারে, বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুলের সংখ্যাও কমে যায়। তাই গ্রিনহাউসের ভেতরে দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলো কোন দিকে এবং কতটা প্রবেশ করে, তা পর্যবেক্ষণ করুন। এরপর গাছের আলোর চাহিদা অনুযায়ী সেগুলো সাজিয়ে রাখুন।
যেসব গাছ বেশি আলো পছন্দ করে, সেগুলো উজ্জ্বল জায়গায় রাখুন। আর যেসব ফুল মৃদু আলোয় ভালোভাবে বেড়ে ওঠে, সেগুলো এমন স্থানে রাখুন যেখানে সরাসরি সূর্যের আলো তুলনামূলক কম পড়ে। গরমের সময় শেড ক্লথ (ছায়া দেওয়ার কাপড়) ব্যবহার করে অতিরিক্ত সূর্যালোক ও তাপ নিয়ন্ত্রণ করা যায়। এতে পাতার ক্ষতি হওয়ার ঝুঁকিও কমে।
এ ছাড়া গ্রিনহাউসের প্যানেলগুলো নিয়মিত পরিষ্কার রাখুন, যাতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো ভেতরে প্রবেশ করতে পারে। প্রাকৃতিক আলোর ঘাটতি থাকলে প্রয়োজন অনুযায়ী গ্রো লাইট (Grow Light) বা কৃত্রিম আলোর ব্যবস্থা করতে পারেন।
তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন
বাইরের আবহাওয়া আরামদায়ক থাকলেও রৌদ্রোজ্জ্বল দিনে গ্রিনহাউসের ভেতরের তাপমাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। অতিরিক্ত গরমে গাছ নেতিয়ে পড়তে পারে এবং চাপে (স্ট্রেস) আক্রান্ত হতে পারে। অন্যদিকে, অতিরিক্ত ঠান্ডায় গাছের বৃদ্ধি ধীর হয়ে যায়।
গ্রিনহাউসের ভেতরের তাপমাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করতে একটি থার্মোমিটার ব্যবহার করুন। প্রয়োজন হলে জানালা, দরজা কিংবা ছাদের ভেন্ট খুলে দিন, যাতে জমে থাকা গরম বাতাস বেরিয়ে যেতে পারে এবং ভেতরে বাতাস চলাচল স্বাভাবিক থাকে।
শীতল আবহাওয়ায় ইনসুলেশন বা উপযুক্ত হিটিং সিস্টেম ব্যবহার করে সংবেদনশীল গাছগুলোকে সুরক্ষিত রাখা যায়। প্রতিটি ফুলের জাতের জন্য আদর্শ তাপমাত্রার পরিসীমা জেনে নিন। যেসব গাছের তাপমাত্রার চাহিদা একই রকম, সেগুলো কাছাকাছি রাখলে পরিচর্যা করাও সহজ হয়।
সঠিক নিয়মে গাছে পানি দিন
ফুলগাছের সুস্থ বৃদ্ধির জন্য নিয়মিত আর্দ্রতা প্রয়োজন। তবে অতিরিক্ত পানি দিলে শিকড় দীর্ঘ সময় ভেজা মাটিতে ডুবে থাকতে পারে, যা গাছের জন্য ক্ষতিকর। আবার মাটি অতিরিক্ত শুকিয়ে গেলেও গাছ দুর্বল হয়ে পড়তে পারে।
তাই পানি দেওয়ার আগে মাটির আর্দ্রতা পরীক্ষা করে নিন। যেসব গাছের পরিমিত আর্দ্রতা প্রয়োজন, সেগুলোর মাটির উপরিভাগ শুকিয়ে গেলে ভালোভাবে পানি দিন। একই সঙ্গে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ার ব্যবস্থা রাখুন। টব বা পাত্র কখনোই জমে থাকা পানির মধ্যে রাখবেন না।
গ্রিনহাউসের আর্দ্রতার দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত আর্দ্রতা এবং অপর্যাপ্ত বাতাস চলাচলের কারণে ছত্রাকজনিত রোগ দেখা দিতে পারে। তাই গাছগুলোর মধ্যে পর্যাপ্ত দূরত্ব রাখুন এবং বাতাস চলাচলের সুব্যবস্থা নিশ্চিত করুন। সম্ভব হলে দিনের শুরুর দিকে পানি দিন, যাতে গাছের ভেজা অংশগুলো শুকিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়।

নিয়মিত সার দিন এবং গ্রিনহাউস পরিষ্কার রাখুন
ফুলগাছের সুস্থ বৃদ্ধি ও প্রচুর ফুল ফোটানোর জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করতে হবে। এ জন্য ফুলগাছের উপযোগী সার বেছে নিন এবং পণ্যের গায়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োগ করুন। অতিরিক্ত সার ব্যবহার করলে শিকড়ের ক্ষতি হতে পারে কিংবা পাতার অস্বাভাবিক বৃদ্ধি ঘটতে পারে।
গাছের পরিচর্যার অংশ হিসেবে শুকিয়ে যাওয়া ফুল এবং হলুদ হয়ে যাওয়া পাতাগুলো নিয়মিত সরিয়ে ফেলুন। গাছের বেঞ্চ ও টবের ওপর পড়ে থাকা শুকনো পাতা বা অন্যান্য উদ্ভিদাংশ পরিষ্কার রাখুন। পাশাপাশি বাগানের সরঞ্জামগুলোও নিয়মিত পরিষ্কার করুন।
গাছের পাতায় অস্বাভাবিক দাগ, রঙের পরিবর্তন কিংবা বৃদ্ধির ধরনে কোনো অসামঞ্জস্য দেখা যাচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখুন। সমস্যা দ্রুত শনাক্ত করতে পারলে প্রয়োজন অনুযায়ী পানি দেওয়ার পরিমাণ পরিবর্তন করা, বাতাস চলাচলের উন্নতি করা কিংবা আক্রান্ত গাছগুলো আলাদা রাখা সহজ হয়।
গ্রিনহাউসে সফলভাবে ফুল চাষের মূল চাবিকাঠি হলো গাছের মৌলিক চাহিদাগুলো বোঝা এবং সেগুলো নিয়মিত পূরণ করা। শুরুতেই উপযুক্ত ফুলের জাত নির্বাচন করুন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন, তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন এবং পানি দেওয়ার একটি সুশৃঙ্খল রুটিন মেনে চলুন। পাশাপাশি প্রয়োজনমতো সার প্রয়োগ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করুন।
গাছগুলোর বৃদ্ধি নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং পরিবেশের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পরিচর্যার পদ্ধতিতে প্রয়োজনীয় সমন্বয় আনুন। ধৈর্য ও ধারাবাহিক যত্নের মাধ্যমে আপনার গ্রিনহাউস হয়ে উঠতে পারে সুস্থ ফুলগাছের এক মনোরম আশ্রয়, যেখানে পুরো মৌসুমজুড়ে উপভোগ করা যাবে রঙিন ফুলের সৌন্দর্য।