উদ্ভিদ
টবের গাছের পাতা হলুদ
টবে লাগানো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া অনেক সময় উদ্বেগের কারণ হতে পারে। তবে প্রতিবারই যে গাছটি মারাত্মক কোনো সমস্যায় পড়েছে, এমন নয়।
বেশিরভাগ ক্ষেত্রে পাতার রং পরিবর্তনের মাধ্যমে গাছ পানি, আলো কিংবা মাটির অবস্থা সম্পর্কে কোনো সংকেত দেয়। সেই সংকেতের অর্থ বুঝতে পারলে সমস্যার সমাধান করাও অনেক সহজ হয়ে যায়।
তাই শুধু হলুদ পাতাগুলো ছিঁড়ে ফেললেই সব ঠিক হয়ে যাবে—এমনটা ভাববেন না। বরং পাতার রং বদলে যাওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করাই জরুরি।
পানিই সাধারণত মূল কারণ
ঘরের ভেতরে রাখা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সবচেয়ে সাধারণ কারণ হলো অতিরিক্ত পানি দেওয়া। মাটিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে শিকড় পর্যাপ্ত অক্সিজেন পায় না। ফলে শিকড় দুর্বল হয়ে যেতে পারে এবং একপর্যায়ে পচন ধরতে পারে। এ ক্ষেত্রে সাধারণত গাছের নিচের দিকের পাতাগুলো প্রথমে হলুদ হয়। পাতাগুলো শক্ত বা শুকনো হওয়ার বদলে নরম ও নেতিয়ে পড়ে।
উদাহরণ হিসেবে বলা যায়, পানি নিষ্কাশনের ছিদ্র (Drainage Hole) নেই এমন পাত্রে রাখা 'পিস লিলি' (Peace Lily) গাছে এক-দুই সপ্তাহের মধ্যেই অতিরিক্ত পানির কারণে এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে।
তবে পানির অভাবেও পাতা হলুদ হতে পারে। এ ক্ষেত্রে পাতার কিনারাগুলো হলুদ হওয়ার পাশাপাশি শুকিয়ে খসখসে হয়ে যায়। সমস্যার কারণ বুঝতে আঙুল দিয়ে মাটির প্রায় দুই ইঞ্চি গভীরতা পরীক্ষা করুন। মাটি ভেজা বা কাদার মতো মনে হলে পানি দেওয়া কমিয়ে দিন। অন্যদিকে, মাটি একেবারে শুকনো থাকলে বুঝতে হবে গাছটি পর্যাপ্ত পানি পাচ্ছে না।
গাছের প্রয়োজন অনুযায়ী আলোর অভাব বা আধিক্য
অপর্যাপ্ত আলো এবং অতিরিক্ত সূর্যালোক—দুই কারণেই গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। তবে এদের লক্ষণ কিছুটা ভিন্ন। যেমন, অন্ধকার বারান্দায় রাখা 'পোথোস' (Pothos) গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যেতে পারে। একই সঙ্গে নতুন গজানো পাতাগুলো আকারে ছোট ও ফ্যাকাশে দেখায়।
অন্যদিকে, গ্রীষ্মকালে দক্ষিণমুখী জানালার পাশে রাখা কোনো সাকুলেন্ট (Succulent) গাছ অতিরিক্ত তাপ ও সরাসরি রোদের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ক্ষেত্রে পাতাগুলো হলুদ হয়ে যায় এবং মাঝখানে বাদামি দাগ দেখা দিতে পারে।
তাই গাছটির প্রাকৃতিক আবাসস্থল ও আলোর প্রয়োজন সম্পর্কে জেনে নিন। ফিলোডেনড্রন (Philodendron) এবং স্নেক প্ল্যান্টের (Snake Plant) মতো অধিকাংশ পরিচিত ইনডোর প্ল্যান্ট উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলো (Bright Indirect Light) পছন্দ করে। সরাসরি তীব্র রোদ কিংবা একেবারে অন্ধকার জায়গা—কোনোটিই এসব গাছের জন্য উপযুক্ত নয়।
পুষ্টির ঘাটতি পাতার মাধ্যমে প্রকাশ পায়
গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব। নাইট্রোজেনের ঘাটতি দেখা দিলে সাধারণত পুরনো পাতাগুলো প্রথমে হলুদ হতে শুরু করে। এ ক্ষেত্রে পাতার ডগা থেকে হলুদ ভাব ধীরে ধীরে ভেতরের দিকে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, আয়রনের ঘাটতির লক্ষণ কিছুটা আলাদা। এ অবস্থায় পাতার বাকি অংশ হলুদ হয়ে গেলেও শিরাগুলো সবুজ থাকে। টবে লাগানো গার্ডেনিয়া (Gardenia) এবং লেবুজাতীয় গাছে এ ধরনের লক্ষণ স্পষ্টভাবে দেখা যেতে পারে।
কোনো গাছ যদি দুই-তিন বছর ধরে একই মাটিতে থাকে এবং এ সময়ে তাকে কোনো সার দেওয়া না হয়, তাহলে পুষ্টির ঘাটতি রয়েছে কি না তা পরীক্ষা করা প্রয়োজন। গাছের সক্রিয় বৃদ্ধির মৌসুমে কয়েক সপ্তাহ অন্তর অর্ধেক ঘনত্বের (Half Strength) সুষম তরল সার প্রয়োগ করলে অনেক ক্ষেত্রে এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।
তবে অতিরিক্ত সার ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রয়োজনের বেশি সার প্রয়োগ করলে শিকড় পুড়ে যেতে পারে, যার ফলে পাতাও হলুদ হয়ে যায়।

শিকড়ের শ্বাস নেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন
একই পাত্রে বছরের পর বছর গাছ রেখে দিলে শিকড়গুলো ধীরে ধীরে ঘন হয়ে জট পাকিয়ে যেতে পারে। অনেক সময় শিকড় পাত্রের ভেতর পুরো জায়গা দখল করে ফেলে এবং নিচের পানি নিষ্কাশনের ছিদ্র দিয়েও বাইরে বেরিয়ে আসে।
এমন পরিস্থিতিতে পানি দেওয়ার পর তা মাটিতে যথেষ্ট সময় না থেকে সরাসরি ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে। ফলে গাছের শিকড় পর্যাপ্ত পানি শোষণ করতে পারে না এবং পাতাগুলো হলুদ হয়ে যেতে শুরু করে।
সমস্যাটি বুঝতে গাছটিকে সাবধানে পাত্র থেকে বের করে শিকড়ের অবস্থা পরীক্ষা করুন। যদি দেখা যায়, শিকড় পুরো পাত্রজুড়ে ছড়িয়ে পড়েছে, তাহলে আগের পাত্রের তুলনায় কিছুটা বড়—প্রায় দুই ইঞ্চি বেশি ব্যাসের—একটি পাত্রে গাছটি স্থানান্তর করুন। এ সময় নতুন পটিং মিক্স (গাছ লাগানোর উপযোগী মাটির মিশ্রণ) ব্যবহার করুন।

তাপমাত্রা ও বাতাস চলাচল আপনার ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ
ঘরের তাপমাত্রার হঠাৎ পরিবর্তন কিংবা ঠান্ডা বাতাসের সরাসরি সংস্পর্শেও গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। বিশেষ করে শীতকালে জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাস অথবা হিটিং ভেন্টের ঠিক পাশে রাখা গ্রীষ্মমণ্ডলীয় গাছ এ ধরনের সমস্যায় বেশি ভুগতে পারে।
উদাহরণ হিসেবে, 'ফিডল লিফ ফিগ' (Fiddle Leaf Fig) গাছ এয়ার কন্ডিশনারের খুব কাছে রাখলে কয়েক দিনের মধ্যেই এর নিচের দিকের পাতাগুলো ঝরে পড়তে শুরু করতে পারে। তাই গাছকে ঠান্ডা বাতাসের সরাসরি প্রবাহ এবং তাপমাত্রার আকস্মিক পরিবর্তন থেকে দূরে রাখুন। ঘরের তাপমাত্রা যতটা সম্ভব স্থিতিশীল রাখার চেষ্টা করুন।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি—সুস্থ গাছের একেবারে নিচের দিকে একটি পুরনো পাতা হলুদ হয়ে ঝরে পড়া স্বাভাবিক। গাছের স্বাভাবিক বৃদ্ধির অংশ হিসেবেই এমনটা ঘটে। কিন্তু একসঙ্গে অনেকগুলো পাতা হলুদ হয়ে গেলে কিংবা ধীরে ধীরে পুরো গাছে এই প্রবণতা ছড়িয়ে পড়লে সতর্ক হওয়া প্রয়োজন। তখন পর্যায়ক্রমে পানি দেওয়ার পদ্ধতি, আলোর ব্যবস্থা এবং শিকড়ের অবস্থা পরীক্ষা করুন।
অন্য কোনো পরিবর্তন আনার আগে মাটির আর্দ্রতা ও অবস্থা যাচাই করে নিন। বেশিরভাগ ক্ষেত্রেই ভুলভাবে পানি দেওয়ার কারণে গাছের পাতা হলুদ হয়। এ ক্ষেত্রে কোনো যন্ত্রের চেয়ে আঙুল দিয়ে মাটি পরীক্ষা করাই অনেক বেশি কার্যকর।
গাছের পরিচর্যার পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার পর অন্তত এক সপ্তাহ অপেক্ষা করুন। এরপর নতুন গজানো পাতাগুলোর অবস্থা পর্যবেক্ষণ করুন। নতুন পাতার রং ও বৃদ্ধি আপনাকে বুঝতে সাহায্য করবে যে গাছটি আগের চেয়ে সুস্থ হচ্ছে কি না এবং আপনার নেওয়া পদক্ষেপগুলো সঠিক হয়েছে কি না।