উদ্ভিদ
ফিলোডেনড্রন মেলানোক্রাইসাম
ফিলোডেনড্রন মেলানোক্রাইসাম (Philodendron melanochrysum) একটি দৃষ্টিনন্দন ইনডোর প্ল্যান্ট বা গৃহমধ্যস্থ উদ্ভিদ। বড়, মখমলের মতো কোমল পাতা এবং লতিয়ে বেড়ে ওঠার স্বভাবের কারণে গাছটি উদ্ভিদপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়।
এর গাঢ় সবুজ পাতায় হালকা রঙের স্পষ্ট শিরা দেখা যায়, যা ঘরের পরিবেশে স্নিগ্ধ ও প্রাকৃতিক সৌন্দর্য যোগ করে।
গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের এই উদ্ভিদটির সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নির্দিষ্ট কিছু পরিবেশগত চাহিদা রয়েছে। তবে পর্যাপ্ত আলো, উপযুক্ত আর্দ্রতা, উষ্ণ তাপমাত্রা এবং বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় অবলম্বনের ব্যবস্থা করতে পারলে ঘরের ভেতরেও গাছটি সুন্দরভাবে বেড়ে উঠতে পারে।
ফিলোডেনড্রন মেলানোক্রাইসাম সম্পর্কে জানুন
কলম্বিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্ম নেওয়া ফিলোডেনড্রন মেলানোক্রাইসাম ‘অ্যারয়েড’ (Aroid) পরিবারের অন্তর্ভুক্ত। প্রাকৃতিক পরিবেশে এটি লতানো উদ্ভিদ হিসেবে বেড়ে ওঠে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আশপাশের গাছ বা অন্যান্য অবলম্বন আঁকড়ে ধরে ওপরের দিকে উঠতে থাকে।
ঘরের ভেতরে এই উদ্ভিদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর লম্বাটে, হৃদপিণ্ডাকৃতির পাতা। পাতার উপরিভাগ মখমলের মতো নরম ও মসৃণ। নতুন পাতা গজানোর সময় সেগুলো তুলনামূলক হালকা রঙের থাকে; তবে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে গাঢ় সবুজ বর্ণ ধারণ করে। পাতার ওপরের স্পষ্ট শিরাগুলো রঙের চমৎকার বৈপরীত্য তৈরি করে। ফলে গাছটি একা রাখলেও ঘরের সাজসজ্জায় আলাদা আকর্ষণ যোগ করতে পারে।
ঘরের ভেতরে উপযুক্ত স্থান নির্বাচন করুন
ফিলোডেনড্রন মেলানোক্রাইসামের সৌন্দর্য ও সুস্থ বৃদ্ধি বজায় রাখতে আলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছটি সাধারণত উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলোতে সবচেয়ে ভালো বেড়ে ওঠে। পূর্বমুখী জানালার কাছে রাখলে এটি পর্যাপ্ত আলো পেতে পারে। তবে দক্ষিণ বা পশ্চিমমুখী জানালার পাশে রাখলে সরাসরি তীব্র রোদ থেকে রক্ষা করতে পাতলা পর্দা ব্যবহার করা প্রয়োজন হতে পারে।
দুপুরের কড়া রোদ পাতার ক্ষতি করতে পারে। এর ফলে পাতায় ফ্যাকাশে, বাদামী কিংবা শুকনো দাগ দেখা দিতে পারে। অন্যদিকে, খুব অন্ধকার জায়গায় রাখলে গাছের বৃদ্ধি ধীর হয়ে যায় এবং নতুন পাতাগুলো ছোট হতে পারে। এ ছাড়া পাতার মধ্যবর্তী দূরত্বও বেড়ে যেতে পারে।
নতুন কোনো জায়গায় গাছটি রাখার পর কিছুদিন পর্যবেক্ষণ করুন। যদি গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে এবং পাতার রং উজ্জ্বল ও সতেজ দেখায়, তাহলে বুঝতে পারবেন জায়গাটি তার জন্য উপযুক্ত

পরিমিত পরিমাণে পানি দিন
ফিলোডেনড্রন মেলানোক্রাইসামের মাটিতে নিয়মিত আর্দ্রতা থাকা প্রয়োজন। তবে মাটি সবসময় ভেজা থাকলে শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নির্দিষ্ট সময়সূচি অনুসরণ না করে মাটির অবস্থা পরীক্ষা করে পানি দেওয়াই ভালো।
দুইবার পানি দেওয়ার মধ্যবর্তী সময়ে মাটির ওপরের অংশ কিছুটা শুকিয়ে যেতে দিন। উপরিভাগ শুকনো মনে হলে আঙুল দিয়ে আরও কিছুটা গভীরে পরীক্ষা করুন। এরপর প্রয়োজন অনুযায়ী পানি দিন। গাছের গোড়ায় ভালোভাবে পানি ঢালুন, যতক্ষণ না অতিরিক্ত পানি পাত্রের ড্রেনেজ হোল বা নিষ্কাশন ছিদ্র দিয়ে বেরিয়ে আসে। পানি দেওয়া শেষ হলে নিচের ট্রেতে জমে থাকা অতিরিক্ত পানি ফেলে দিন।
কত ঘন ঘন পানি দিতে হবে, তা ঘরের তাপমাত্রা, আর্দ্রতা, পাত্রের আকার এবং ব্যবহৃত গ্রোয়িং মিডিয়ামের (মাটি বা চাষের মাধ্যম) ধরনের ওপর নির্ভর করে। তুলনামূলক উষ্ণ ঘরে রাখা গাছে ঠান্ডা ঘরের গাছের চেয়ে বেশি ঘন ঘন পানি দেওয়ার প্রয়োজন হতে পারে।
পাতা হলুদ হয়ে যাওয়া এবং মাটি দীর্ঘ সময় ভেজা থাকা অতিরিক্ত পানি দেওয়ার লক্ষণ হতে পারে। অন্যদিকে, পাতা ঝুলে পড়া ও মাটি অতিরিক্ত শুকিয়ে যাওয়া গাছে পানির ঘাটতির ইঙ্গিত দেয়।
মাটি, আর্দ্রতা ও তাপমাত্রার ভারসাম্য বজায় রাখুন
আলগা ও বাতাস চলাচলের উপযোগী গ্রোয়িং মিডিয়াম গাছের শিকড়ে পানি এবং অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। কোকো কয়্যার (নারকেলের ছোবড়ার গুঁড়ো) বা পিট-ভিত্তিক উপাদানের সঙ্গে অর্কিডের ছাল (Orchid Bark) এবং পার্লাইট মিশিয়ে এমন একটি মাধ্যম তৈরি করা যায়, যা একদিকে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখে, অন্যদিকে অতিরিক্ত পানি বেরিয়ে যেতে সাহায্য করে।
পাত্র নির্বাচনের সময় অবশ্যই ড্রেনেজ হোল বা পানি বের হওয়ার ছিদ্র রয়েছে কি না, তা নিশ্চিত করুন। এতে শিকড়ের চারপাশে অতিরিক্ত পানি জমে থাকার ঝুঁকি কমে।
গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ হওয়ায় ফিলোডেনড্রন মেলানোক্রাইসাম উষ্ণ পরিবেশ এবং মাঝারি থেকে উচ্চ আর্দ্রতা পছন্দ করে। ঘরের স্বাভাবিক তাপমাত্রা সাধারণত এর জন্য উপযোগী। তবে তাপমাত্রা যেন হঠাৎ করে খুব বেশি পরিবর্তিত না হয়, সেদিকে খেয়াল রাখুন।
গাছটিকে ঠান্ডা বাতাস, এয়ার কন্ডিশনারের ভেন্ট এবং হিটিং যন্ত্র থেকে সরাসরি বের হওয়া গরম বাতাসের প্রবাহ থেকে দূরে রাখুন। ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হলে পাতার কিনারা বাদামী হয়ে যেতে পারে এবং গাছের বৃদ্ধি ধীর হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে বাতাসের আর্দ্রতা বজায় রাখতে হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে শুষ্ক মৌসুমে।

অবলম্বন দিন এবং নিয়মিত পরিচর্যা করুন
ফিলোডেনড্রন মেলানোক্রাইসাম স্বাভাবিকভাবেই লতিয়ে বেড়ে ওঠে। তাই গাছটিকে ওপরের দিকে বাড়তে সাহায্য করতে এবং কাণ্ডগুলো সুশৃঙ্খল রাখতে একটি মজবুত অবলম্বন বা সাপোর্ট ব্যবহার করুন।
নরম প্ল্যান্ট টাই (Plant Ties) দিয়ে কাণ্ডগুলো অবলম্বনের সঙ্গে আলগাভাবে বেঁধে দিতে পারেন। তবে বাঁধন যেন বেশি শক্ত না হয় বা কাণ্ডে চাপ সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখুন। আর্দ্র মস পোল (Moss Pole) ব্যবহার করলে গাছের বায়বীয় শিকড়গুলো (Aerial Roots) এর সঙ্গে আটকে বেড়ে উঠতে পারে। তবে মস পোল ছাড়াও অন্য কোনো উপযুক্ত ও মজবুত অবলম্বন ব্যবহার করা সম্ভব।
সাধারণ সমস্যা ও তার সমাধান
ঘরের বাতাসে আর্দ্রতা কম থাকা, অনিয়মিত পানি দেওয়া কিংবা গ্রোয়িং মিডিয়ামে সারের লবণ জমে যাওয়ার কারণে পাতার কিনারা বাদামী হয়ে যেতে পারে। অন্যদিকে, পাতা হলুদ হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। অতিরিক্ত পানি, পর্যাপ্ত আলোর অভাব কিংবা পুরোনো পাতার স্বাভাবিক বার্ধক্য—সবই এর কারণ হতে পারে।
এ ছাড়া স্পাইডার মাইট, থ্রিপস ও মিলিবাগের মতো ক্ষতিকর পোকা গাছের ক্ষতি করতে পারে। তাই নিয়মিত পাতার উভয় পাশ এবং কাণ্ড ভালোভাবে পরীক্ষা করুন। পোকার আক্রমণ শুরুতেই শনাক্ত করতে পারলে তা নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ হয়। আক্রান্ত গাছটিকে অন্য গাছ থেকে আলাদা রাখুন এবং উপযুক্ত নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
ফিলোডেনড্রন মেলানোক্রাইসাম ঘরের ভেতরে বড় করে তোলা কঠিন নয়, যদি এর মৌলিক চাহিদাগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকে। পর্যাপ্ত আলো, পরিমিত পানি, উপযুক্ত আর্দ্রতা এবং বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় অবলম্বন নিশ্চিত করলে গাছটি সুন্দরভাবে বিকশিত হতে পারে। নিয়মিত পরিচর্যা ও পর্যাপ্ত জায়গা পেলে এর মখমলের মতো আকর্ষণীয় পাতাগুলো ঘরের অন্দরসজ্জায় যোগ করবে এক অনন্য সবুজ সৌন্দর্য ও সজীবতা।