প্রাণী

পানি খুঁজে পায় হাতি!

শুষ্ক ও পানিহীন পরিবেশে পানির সন্ধান পাওয়া একটি স্বস্তিদায়ক দিন এবং দুর্বিষহ যাত্রার মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। পানি খুঁজে বের করার ক্ষেত্রে হাতির দক্ষতা সত্যিই অসাধারণ।
নদী শুকিয়ে গেলেও কিংবা পরিচিত জলাশয়গুলো শুকনো মাটির নিচে হারিয়ে গেলেও তারা পানির সন্ধান পেতে সক্ষম। তাদের এই অসাধারণ ক্ষমতার পেছনে কাজ করে দীর্ঘমেয়াদি স্মৃতিশক্তি, তীক্ষ্ণ ইন্দ্রিয়, পরিবেশ সম্পর্কে গভীর ধারণা এবং নিজস্ব আবাসস্থলে দীর্ঘদিন চলাফেরার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা।

অসাধারণ ঘ্রাণশক্তি

হাতির শুঁড় শুধু পানি পান করা বা খাবার সংগ্রহের অঙ্গ নয়; এটি চারপাশের বিভিন্ন গন্ধ শনাক্ত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুঁড় উঁচিয়ে বাতাসের রাসায়নিক সংকেত গ্রহণ করে হাতি আশপাশে পানির উপস্থিতি সম্পর্কে ধারণা পেতে পারে। ‘অ্যানিমেল কগনিশন’ (Animal Cognition) জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, নিয়ন্ত্রিত পরিবেশে আফ্রিকান হাতিরা ঘ্রাণের সাহায্যে প্রাকৃতিক পানির উৎসগুলোর মধ্যে পার্থক্য করতে পারে। এই গবেষণা থেকে ধারণা পাওয়া যায় যে, পানির সন্ধান পেতে হাতির ঘ্রাণশক্তি সহায়তা করে। তবে কেবল গন্ধের ওপর নির্ভর করে তারা কত দূর থেকে পানির উৎস শনাক্ত করতে পারে, সে বিষয়ে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন।
তবে পানি খুঁজে পাওয়ার পেছনে শুধু ঘ্রাণশক্তিই কাজ করে না। হাতির অসাধারণ স্মৃতিশক্তিও এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। অতীতে যেসব জায়গায় তারা গিয়েছে, সেগুলোর অবস্থান মনে রাখতে পারে। নদী, ঝরনা, মৌসুমি জলাশয় এবং অন্যান্য পানির উৎস তাদের পরিচিত বিচরণক্ষেত্রের গুরুত্বপূর্ণ নির্দেশক হয়ে ওঠে। বৃষ্টিপাত কমে গেলে এই স্মৃতিই তাদের জন্য বিশেষভাবে কার্যকর হয়। কোনো জলাশয় এক মৌসুমে পানিতে পূর্ণ থাকলেও অন্য মৌসুমে সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে। তাই বছরের কোন সময়ে কোন জায়গায় পানি পাওয়া যায়, তা মনে রাখা হাতিদের জন্য অত্যন্ত উপকারী।
কেনিয়ার সাভো কনজারভেশন এরিয়াতে (Tsavo Conservation Area) হাতিদের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, শুষ্ক মৌসুমে পানির উৎসের দিকে তাদের চলাচল অনেক বেশি সুনির্দিষ্ট হয়ে ওঠে। এই পর্যবেক্ষণ ইঙ্গিত দেয় যে, হাতিরা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় না; বরং নিজেদের পরিচিত ভূখণ্ড সম্পর্কে সঞ্চিত জ্ঞান কাজে লাগিয়ে চলাচলের পথ নির্ধারণ করে।

অভিজ্ঞ দলনেত্রীর অনুসরণ

হাতিদের পারিবারিক দলে সাধারণত সবচেয়ে বয়স্ক ও অভিজ্ঞ স্ত্রী হাতিটি নেতৃত্ব দেয়। তাকে ‘ম্যাট্রিয়ার্ক’ বা দলনেত্রী বলা হয়। পানির সংকট দেখা দিলে তার অভিজ্ঞতা পুরো দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একজন বয়স্ক দলনেত্রীর আগের শুষ্ক মৌসুমগুলোতে পরিদর্শন করা বিভিন্ন স্থানের কথা মনে থাকতে পারে। এর মধ্যে এমন অনেক পানির উৎসও থাকতে পারে, যেগুলো কম বয়সী হাতিরা আগে কখনো দেখেনি। পাশাপাশি তিনি পরিচিত পথ অনুসরণ করতে এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পুরো দলকে সাহায্য করেন।
দলের মধ্যে থাকা ছোট হাতিরা নিজেদের অভিজ্ঞতা থেকে শেখে এবং বয়স্ক সদস্যদের অনুসরণ করে ধীরে ধীরে পুরো ভূখণ্ড সম্পর্কে পরিচিত হয়ে ওঠে। এভাবে অভিজ্ঞতা ও জ্ঞান এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে পড়ে। তাই দলনেত্রীর ভূমিকা কেবল প্রতিদিনের চলাচলে নেতৃত্ব দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; তার দীর্ঘদিনের অভিজ্ঞতা বহু বছর ধরে পুরো পরিবারের কাজে লাগতে পারে।
হাতির শ্রবণশক্তিও অত্যন্ত প্রখর, যা আশপাশের বিভিন্ন শব্দ শনাক্ত করতে সাহায্য করে। জলাশয়ের কাছাকাছি থাকলে তারা পানির ছিটকে পড়ার শব্দ, অন্য প্রাণীর ডাক কিংবা আশপাশে জড়ো হওয়া বন্যপ্রাণীদের চলাচলের আওয়াজ শুনতে পারে। এসব শব্দ পানির উৎস কাছাকাছি থাকার সম্ভাব্য ইঙ্গিত দিতে পারে। তবে চলাচলের সময় হাতিরা কীভাবে বিভিন্ন সংবেদনশীল সংকেত ব্যবহার করে, তা নিয়ে গবেষণা এখনো চলছে। শ্রবণশক্তি তাদের আশপাশের পরিস্থিতি বুঝতে সাহায্য করলেও কেবল প্রবহমান পানির শব্দ শুনে তারা দূরবর্তী পানির উৎস খুঁজে বের করে—এমন জোরালো প্রমাণ এখনো পাওয়া যায়নি। বরং এ ক্ষেত্রে তাদের স্মৃতিশক্তি ও ভূখণ্ড সম্পর্কে পূর্বপরিচিত জ্ঞানই বেশি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হিসেবে বিবেচিত হয়।

শুকনো নদীর তলদেশে খনন

কোনো নদী বা জলাশয় বাইরে থেকে সম্পূর্ণ শুকনো মনে হলেও তার তলদেশের মাটির নিচে পানি থেকে যেতে পারে। হাতিরা নিজেদের শারীরিক শক্তি ও দক্ষ শুঁড় ব্যবহার করে সেই লুকানো পানির নাগাল পেতে পারে। বালুময় নদীর তলদেশে তারা দাঁত (টাস্ক) দিয়ে মাটি আলগা করে এবং বালি সরিয়ে ছোট ছোট অগভীর গর্ত তৈরি করে। এরপর মাটির নিচের ভেজা স্তর থেকে পানি ধীরে ধীরে সেই গর্তে জমা হয়।
এভাবে হাতিরা এমন পানির সন্ধান পায়, যা বাইরে থেকে সরাসরি দেখা সম্ভব নয়। তাদের খোঁড়া গর্তগুলো থেকে ছোট প্রাণীরাও পানি পান করতে পারে, যারা নিজেরা এভাবে মাটি খুঁড়ে পানির নাগাল পেতে সক্ষম নয়। পাখিসহ আশপাশের অন্যান্য বন্যপ্রাণীও এসব গর্তের পানি ব্যবহার করে উপকৃত হয়। অর্থাৎ, হাতিদের এই আচরণ শুধু তাদের নিজেদের পানির চাহিদা পূরণ করে না, বরং অন্যান্য প্রাণীর জন্যও পানির সুযোগ তৈরি করে।
শুষ্ক অঞ্চলে সারা বছর পানির প্রাপ্যতা একই রকম থাকে না। বৃষ্টির সময় অস্থায়ী জলাশয়গুলো পানিতে ভরে ওঠে এবং নদীতে আবার পানির প্রবাহ ফিরে আসে। অন্যদিকে, দীর্ঘদিন বৃষ্টি না হলে পরিচিত পানির উৎসগুলোও শুকিয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে হাতিরা পরিবেশের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের চলাচলের পথ বদলে নেয়। বর্ষা বা আর্দ্র মৌসুমে তারা বিস্তীর্ণ এলাকায় পানির সন্ধান পেতে পারে। কিন্তু ভূখণ্ড শুকিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্ভরযোগ্য নদী, ঝরনা এবং টিকে থাকা জলাশয়গুলো তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে ওঠে।
পানির উৎস খুঁজতে গিয়ে হাতিদের দূরত্ব, চলাচলে প্রয়োজনীয় শক্তি এবং পুরো দলের সদস্যদের চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। বিশেষ করে শাবকসহ একটি পরিবারের জন্য যাত্রাপথ নির্ধারণ করা আরও গুরুত্বপূর্ণ। যে পথ একটি একা হাতির জন্য সুবিধাজনক, সেটি শাবকসহ পুরো দলের জন্য উপযুক্ত নাও হতে পারে। বিভিন্ন পানির উৎসের অবস্থান মনে রাখা এবং পরিস্থিতি অনুযায়ী যাত্রার পরিকল্পনা পরিবর্তন করার ক্ষমতা হাতিদের এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে।
সব মিলিয়ে, হাতিরা ঘ্রাণশক্তি, স্মৃতিশক্তি, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং চারপাশের পরিবেশের প্রতি গভীর মনোযোগ কাজে লাগিয়ে পানির সন্ধান করে। তাদের এই অসাধারণ দক্ষতা কোনো একটি বিশেষ ইন্দ্রিয়ের ওপর নির্ভরশীল নয়। বরং বিভিন্ন সক্ষমতার সমন্বয়, অতীতের যাত্রা থেকে অর্জিত শিক্ষা এবং দলের অভিজ্ঞ সদস্যদের জ্ঞান কাজে লাগানোর মাধ্যমেই এই দক্ষতা গড়ে উঠেছে।

আপনার পছন্দের তালিকা

দেখার জন্য একটি তালিকা বেছে নিন