প্রাণী
রেড লেচওয়ে
দক্ষিণ আফ্রিকার জলাভূমি অঞ্চলে রেড লেচওয়ে (Red Lechwe) অত্যন্ত সাবলীলভাবে অগভীর জল ও কর্দমাক্ত তৃণভূমির মধ্য দিয়ে চলাচল করে। এই মৃগজাতীয় প্রাণীর শারীরিক গঠন যেমন স্বতন্ত্র, তেমনি এর জীবনযাত্রাও ঋতুভিত্তিক বন্যার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
অনেক তৃণভোজী প্রাণী যেখানে শক্ত ও শুকনো ভূমিতে থাকতে পছন্দ করে, সেখানে রেড লেচওয়ে জলাভূমি ও প্লাবিত সমতল এলাকাকেই নিজেদের আবাস হিসেবে বেছে নেয়। বিশেষভাবে গঠিত শরীর, উপযোগী খুর এবং বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস তাদের এই পরিবেশে টিকে থাকতে সাহায্য করে।
রেড লেচওয়ের আবাসস্থল
রেড লেচওয়ে হলো লেচওয়ে প্রজাতির একটি উপপ্রজাতি, যা 'কোবাস' (Kobus) গণের অন্তর্ভুক্ত। এই গণের অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে ওয়াটারবাক, কব (Kob) এবং পুকু (Puku)। রেড লেচওয়ে প্রধানত দক্ষিণ আফ্রিকার জলাভূমি অঞ্চলে বাস করে। বিশেষ করে ওকাভাঙ্গো (Okavango) ও লিনিয়ান্টি (Linyanti) অঞ্চল এবং আপার জাম্বেজি (Upper Zambezi) নদীর তীরবর্তী এলাকাগুলোতে এদের দেখা যায়। লেচওয়ের অন্যান্য দল মধ্য ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে রয়েছে।
এদের পছন্দের আবাসস্থলের মধ্যে রয়েছে ঋতুভেদে প্লাবিত সমতল ভূমি, জলাভূমি এবং হ্রদ ও জলপথের পাশের তৃণভূমি। বছরের বিভিন্ন সময়ে পানির স্তর ওঠানামা করার সঙ্গে সঙ্গে এসব এলাকার পরিবেশও বদলে যায়। প্লাবিত ভূমির কিনারায় নতুন উদ্ভিদ জন্মায়, যা রেড লেচওয়ের জন্য গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস হয়ে ওঠে।
যেহেতু এই প্রাণীরা জলাভূমির ওপর অনেকটাই নির্ভরশীল, তাই এসব আবাসস্থলের অবস্থা সরাসরি তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আইইউসিএন (IUCN)-এর রেড লিস্টে রেড লেচওয়েকে 'নিয়ার থ্রেটেনড' (Near Threatened) বা 'বিপদগ্রস্ত হওয়ার কাছাকাছি' শ্রেণিতে রাখা হয়েছে। তাই এদের অস্তিত্ব রক্ষায় সুস্থ জলাভূমি ও প্লাবিত সমতল ভূমি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।

শারীরিক বৈশিষ্ট্য
রেড লেচওয়ের শরীরের ওপরের অংশের বেশিরভাগই লালচে-বাদামি রঙের, আর নিচের দিক তুলনামূলকভাবে হালকা। সামনের পায়ের নিচের অংশে গাঢ় রঙের বিশেষ চিহ্ন থাকে। এ ছাড়া চোখের চারপাশের হালকা রঙের ছোপও এদের সহজে শনাক্ত করতে সাহায্য করে। এরা মাঝারি থেকে বড় আকারের অ্যান্টিলোপ বা মৃগজাতীয় প্রাণী। সাধারণত পুরুষ রেড লেচওয়ে স্ত্রী প্রাণীদের তুলনায় আকারে বড় ও ওজনে ভারী হয়।
এদের শারীরিক গঠন খোলা তৃণভূমি এবং জলমগ্ন এলাকায় চলাচলের উপযোগী। তবে অন্যান্য অনেক তৃণভোজী প্রাণীর তুলনায় এদের শরীরের অনুপাত কিছুটা আলাদা। কেবল পুরুষ রেড লেচওয়েরই শিং থাকে; স্ত্রী প্রাণীদের শিং নেই। পুরুষদের শিং লম্বা ও বাঁকানো, যা দেখতে অনেকটা 'লায়র' (Lyre) নামের প্রাচীন বাদ্যযন্ত্রের মতো। শিংয়ের এই স্বতন্ত্র আকৃতির কারণে দূর থেকেই এদের সহজে চেনা যায়। পুরুষ ও স্ত্রী প্রাণী একসঙ্গে থাকা দলে শিংয়ের গঠন দেখেই পুরুষদের আলাদা করে শনাক্ত করা সম্ভব।
জলমগ্ন ভূমির উপযোগী খুর
রেড লেচওয়ের সবচেয়ে কার্যকর শারীরিক বৈশিষ্ট্যগুলোর একটি হলো এদের খুরের বিশেষ গঠন। নরম ও ভেজা মাটিতে চলাচলের উপযোগী এই খুর কর্দমাক্ত জমিতে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এমন পরিবেশে চলাফেরা করা অন্যান্য অনেক প্রাণীর জন্য বেশ কঠিন হতে পারে।
এদের লম্বা পা চলাচলের ধরনে বিশেষ সুবিধা যোগ করে। শরীরের পেছনের অংশ সামনের অংশের তুলনায় কিছুটা উঁচু হওয়ায় এদের দেহে একটি ঢালু আকৃতি দেখা যায়। অগভীর জল কিংবা জলমগ্ন তৃণভূমি পেরোনোর সময় রেড লেচওয়ে সাধারণত ধীরে ধীরে হাঁটার পরিবর্তে লাফিয়ে লাফিয়ে দ্রুত এগিয়ে যায়। এদের পায়ে জলরোধী একধরনের আবরণও রয়েছে, যা ভেজা পরিবেশে চলাচলের সময় বিভিন্ন প্রতিকূলতা কমাতে সাহায্য করে।
এসব শারীরিক বৈশিষ্ট্যের সমন্বয়ে রেড লেচওয়ে নরম, কর্দমাক্ত ও অসমতল ভূমিতে সহজেই চলাচল করতে পারে। একই সঙ্গে এসব এলাকায় খাবার সংগ্রহ করাও তাদের জন্য তুলনামূলক সহজ হয়ে ওঠে।
বন্যা কবলিত এলাকায় খাদ্যাভ্যাস
রেড লেচওয়ে মূলত ঘাস এবং জলাভূমিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। ঋতুভিত্তিক বন্যার কারণে জলপথের কিনারা, হ্রদ এবং নিচু তৃণভূমিতে নতুন উদ্ভিদ জন্মায়। এসব উদ্ভিদ এই মৃগজাতীয় প্রাণীদের জন্য পুষ্টিকর খাদ্যের গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠে।
এরা পানির মধ্যে দাঁড়িয়েও খাবার খেতে পারে। এমনকি এমন কিছু গভীর বা দুর্গম এলাকাতেও প্রবেশ করতে পারে, যেখানে অন্যান্য তৃণভোজী প্রাণীর পক্ষে পৌঁছানো কঠিন। ফলে প্লাবিত ভূমির কিনারা এবং অগভীর জলাভূমিতে জন্মানো উদ্ভিদগুলো তারা সহজেই খেতে পারে।
পরিবেশের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে রেড লেচওয়ের খাদ্যাভ্যাসও বদলে যায়। বন্যার পানি যখন প্লাবনভূমির বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে, তখন নতুন নতুন খাদ্যসমৃদ্ধ অঞ্চল তাদের নাগালের মধ্যে আসে। আবার পানি কমে গেলে তৃণভূমির বিভিন্ন অংশে নতুন খাবার সংগ্রহের সুযোগ তৈরি হয়।
দলবদ্ধ জীবন ও দৈনন্দিন কর্মকাণ্ড
রেড লেচওয়ে সামাজিক স্বভাবের প্রাণী এবং সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। ঋতু ও প্রজননকাল অনুযায়ী তাদের দলের গঠন পরিবর্তিত হতে পারে। প্রজনন মৌসুমের বাইরে প্রায়ই পুরুষ ও স্ত্রী প্রাণীদের আলাদা দলে দেখা যায়। যেখানে পর্যাপ্ত খাবার এবং অনুকূল পরিবেশ রয়েছে, সেখানে খোলা প্লাবনভূমিতে এদের বড় বড় দল একত্রিত হতে পারে।
দিনের তুলনামূলক শীতল সময়ে রেড লেচওয়ের চলাফেরা ও অন্যান্য কার্যকলাপ সবচেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। সাধারণত সকালবেলা এবং বিকেলের শেষভাগে তারা বেশি সক্রিয় থাকে। এ সময় খাবার সংগ্রহ করে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। অন্যদিকে, দুপুরের তীব্র গরমে তারা বিশ্রাম নিতে পছন্দ করে।
আশ্রয়স্থল হিসেবে জলাভূমি
বিপদের মুখে দ্রুত সরে যাওয়ার ক্ষেত্রে অগভীর জল রেড লেচওয়ের জন্য বাড়তি সুবিধা তৈরি করে। প্লাবিত ভূমির মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারায় স্থলভাগের শিকারি প্রাণীদের পক্ষে তাদের ধাওয়া করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে জলাভূমি পুরোপুরি নিরাপদ নয়; সেখানে বসবাসকারী জলজ শিকারি প্রাণীরাও তাদের জন্য বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
রেড লেচওয়ে এমন একটি চমৎকার উদাহরণ, যা দেখায় কীভাবে বন্যপ্রাণীরা নির্দিষ্ট পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। এদের স্বতন্ত্র শরীরের গঠন, পুরুষ প্রাণীদের বাঁকানো শিং, ভেজা মাটিতে চলাচলের সক্ষমতা এবং তৃণভোজী স্বভাব—সবকিছুই প্লাবনভূমির সঙ্গে তাদের গভীর সম্পর্কের পরিচয় বহন করে।

প্রাকৃতিক পরিবেশে রেড লেচওয়েকে পর্যবেক্ষণ করলে অগভীর পানির মধ্য দিয়ে তাদের সাবলীল ও মনোমুগ্ধকর চলাচল সহজেই নজর কাড়ে। তাদের জীবনযাত্রা আমাদের মনে করিয়ে দেয়, কোনো প্রাণীর শারীরিক বৈশিষ্ট্য ও আচরণ তার আবাসস্থলের সঙ্গে কতটা নিবিড়ভাবে জড়িত। তাই রেড লেচওয়ের মতো প্রাণীদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জলাভূমি ও প্রাকৃতিক প্লাবনভূমি সংরক্ষণের গুরুত্ব অপরিসীম।