প্রাণী

মিরক্যাটদের কৌশল

মিরক্যাটদের যখন পেছনের দুই পায়ের ওপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করতে দেখা যায়, তখন তাদের বেশ ছোটখাটো ও কৌতূহলী মনে হতে পারে। কিন্তু তাদের দৈনন্দিন জীবনযাপন মোটেও সহজ নয়।
দক্ষিণ আফ্রিকার শুষ্ক অঞ্চলে বসবাসকারী এই সামাজিক স্তন্যপায়ী প্রাণীদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হয় চরম তাপমাত্রা, বিপজ্জনক শিকারি এবং খাবারের সংকটের মতো নানা প্রতিকূলতার।
এমন কঠিন পরিবেশে টিকে থাকতে মিরক্যাটরা নির্ভর করে পারস্পরিক যোগাযোগ, দায়িত্ব ভাগাভাগি, দ্রুত বিপদ শনাক্ত করা এবং সম্মিলিতভাবে প্রতিক্রিয়া দেখানোর ওপর। পাশাপাশি, দলের অভিজ্ঞ সদস্যদের কাছ থেকে নতুন প্রজন্মের শেখা বিভিন্ন দক্ষতাও তাদের বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিরাপত্তার জন্য সম্মিলিত প্রচেষ্টা

মিরক্যাটরা সামাজিক দলবদ্ধভাবে বসবাস করে। তাদের এই দলগুলোকে অনেক সময় ‘মব’ (mob) বলা হয়। দলের প্রতিটি সদস্য খাবার খোঁজার পাশাপাশি অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখে। সম্ভাব্য বিপদের ওপর নজর রাখার দায়িত্ব শুধু একজনের ওপর ছেড়ে না দিয়ে তারা সম্মিলিতভাবে সতর্ক থাকে।
দলের কোনো সদস্য উঁচু ঢিবি বা সুবিধাজনক স্থানে উঠে চারপাশ পর্যবেক্ষণ করতে পারে, আর অন্য সদস্যরা তখন খাবারের সন্ধানে ব্যস্ত থাকে। পাহারা দেওয়ার এই বিশেষ দায়িত্বকে বলা হয় ‘সেন্টিনেল ডিউটি’ (sentinel duty)।
উঁচু অবস্থানে থেকে পাহারাদার মিরক্যাটটি স্থলপথ ও আকাশ—উভয় দিক থেকেই কোনো বিপদ এগিয়ে আসছে কি না, তা নজরে রাখতে পারে। পাশাপাশি, নিয়মিত বিশেষ শব্দ করে সে অন্যদের জানিয়ে দেয় যে পাহারার দায়িত্ব পালন করছে।
এই যোগাযোগব্যবস্থার ফলে খাবার খুঁজতে থাকা দলের অন্য সদস্যরা আশপাশের বিপদ সম্পর্কে সতর্ক থাকতে পারে। একই সঙ্গে তারা নিরাপত্তার বিষয়ে কিছুটা নিশ্চিন্ত থেকে খাবার সংগ্রহে মনোযোগ দিতে পারে।

সতর্কতামূলক সংকেতের গুরুত্ব

মিরক্যাটদের বেঁচে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো তাদের শব্দ ও যোগাযোগের ক্ষমতা। পরিস্থিতি অনুযায়ী তারা বিভিন্ন ধরনের ডাক বা সতর্কতামূলক সংকেত তৈরি করে, যার মাধ্যমে দলের অন্য সদস্যদের সম্ভাব্য বিপদের খবর জানায়।
মাটির দিক থেকে আসা কোনো বিপদ এবং আকাশ থেকে নেমে আসা শিকারির ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া একরকম হয় না। আলাদা ধরনের সতর্কসংকেত ব্যবহারের ফলে মিরক্যাটরা বিপদের ধরন বুঝে যথাযথ ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ, সব ধরনের হুমকির মোকাবিলায় তারা একই প্রতিক্রিয়া দেখায় না।
জরুরি সতর্কবার্তা শোনামাত্র দলের সদস্যরা নিজেদের কাজ থামিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যায়। পাহারাদারের অবস্থান এবং তার দেওয়া সংকেতের সমন্বয়ে পুরো দল দ্রুত সাড়া দিতে পারে। এমনকি কোনো সদস্য নিজে বিপদ দেখতে না পেলেও সতর্কবার্তা শুনে বিপদের উপস্থিতি বুঝতে পারে।

ভূগর্ভস্থ আশ্রয়ে দ্রুত পলায়ন

মিরক্যাটরা দিনের একটি বড় অংশ মাটির নিচে তৈরি সুড়ঙ্গ ও গর্তের ভেতরে কাটায়। এসব ভূগর্ভস্থ আশ্রয়ে একাধিক সুড়ঙ্গ ও কক্ষ থাকে, যা তাদের শিকারি প্রাণীদের হাত থেকে রক্ষা করে। একই সঙ্গে বাইরের প্রচণ্ড গরম থেকেও স্বস্তি দেয়।
খাবার সংগ্রহের জন্য ব্যবহৃত বিস্তৃত এলাকার বিভিন্ন স্থানে তাদের ছোট ছোট অস্থায়ী আশ্রয়ও থাকে। এগুলোকে বলা হয় ‘বোল্টহোল’ (boltholes)। মূল বাসস্থান থেকে দূরে খাবার খোঁজার সময় হঠাৎ কোনো বিপদের মুখে পড়লে এই আশ্রয়গুলো বিশেষভাবে কাজে আসে।
সব সময় মূল গর্তে ফিরে যাওয়ার সুযোগ থাকে না। তাই কাছাকাছি বিকল্প পালানোর পথ বা নিরাপদ লুকানোর জায়গা থাকলে বিপদের সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই মিরক্যাটরা সেখানে আশ্রয় নিতে পারে।
এ ছাড়া, কিছু মিরক্যাট দ্রুত সরে যাওয়ার সময় ধুলোবালি উড়িয়ে দেয়। এতে শিকারি প্রাণী বা বিপদের উৎসের পক্ষে তাদের চলাচল স্পষ্টভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

বিপদের মুখে ঐক্যবদ্ধ অবস্থান

বিপদের মুখোমুখি হলে মিরক্যাটরা সব সময় শুধু আশ্রয়ের দিকে দৌড়ে পালায় না। কখনো দলের সদস্যরা সোজা হয়ে দাঁড়িয়ে শরীরের লোম খাড়া করে একে অপরের খুব কাছাকাছি জড়ো হয়।
এই ভঙ্গিতে একসঙ্গে দাঁড়ালে তাদের দলটিকে আলাদা আলাদা অবস্থানের তুলনায় অনেক বড় ও ভয়ংকর দেখাতে পারে। এর ফলে সম্ভাব্য আক্রমণকারী নিরুৎসাহিত হতে পারে। তবে এই কৌশলে আক্রমণকারী যে অবশ্যই পিছু হটবে, তার কোনো নিশ্চয়তা নেই।
পরিস্থিতি বুঝে মিরক্যাটদের সিদ্ধান্ত নিতে হয়, একসঙ্গে দাঁড়িয়ে থাকা বেশি নিরাপদ হবে, নাকি দ্রুত আশ্রয়স্থলের দিকে পালিয়ে যাওয়া উচিত।
তাদের এই আচরণ দেখায়, ছোট প্রাণীদের জন্য পারস্পরিক সহযোগিতা কতটা কার্যকর হতে পারে। একা একটি প্রাণীর পক্ষে যে বিপদ মোকাবিলা করা কঠিন, দলের কয়েকজন সদস্য একসঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সম্মিলিতভাবে সাড়া দিলে অনেক বেশি কার্যকর প্রতিরক্ষা গড়ে তুলতে পারে।

কঠিন খাবার খাওয়ার কৌশল

খাবার সংগ্রহের ক্ষেত্রে মিরক্যাটরা বেশ কিছু বিশেষ দক্ষতার ওপর নির্ভর করে। তাদের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ও ছোট প্রাণী রয়েছে। তবে কিছু শিকার আত্মরক্ষার জন্য বিষাক্ত রাসায়নিক বা হুল ব্যবহার করতে পারে, যা মিরক্যাটদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
বিচ্ছু (scorpion) এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। অভিজ্ঞ মিরক্যাটরা সব বিচ্ছুর ক্ষেত্রে একই কৌশল প্রয়োগ করে না। বরং সতর্কভাবে পরিস্থিতি বুঝে তারা ঝুঁকি নিয়ন্ত্রণ করে।
খাওয়ার আগে তারা বিচ্ছুর হুল নিষ্ক্রিয় করে দিতে পারে। এ কাজে তারা অত্যন্ত নিখুঁতভাবে নিজেদের থাবা ও মুখ ব্যবহার করে। ফলে সম্ভাব্য বিপজ্জনক শিকারও তাদের খাদ্যের অংশ হয়ে উঠতে পারে।

অনুশীলনের মাধ্যমে শেখে নতুন প্রজন্ম

মিরক্যাটদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব দক্ষতা জন্মের সময় থেকেই পুরোপুরি আয়ত্তে থাকে না। ছোট মিরক্যাটরা দলের অভিজ্ঞ সদস্যদের আচরণ পর্যবেক্ষণ করে এবং ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে গুরুত্বপূর্ণ কৌশলগুলো শিখে নেয়।
বয়স্ক মিরক্যাটরা ছোটদের এমন ধরনের শিকার ধরার সুযোগ করে দেয়, যেগুলো সামলানো তাদের জন্য তুলনামূলক সহজ। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট মিরক্যাটরা বিপদের ঝুঁকি বুঝতে এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক কৌশল প্রয়োগ করতে আরও দক্ষ হয়ে ওঠে।
মিরক্যাটদের টিকে থাকার সাফল্য কোনো একটি বিশেষ ক্ষমতার ওপর নির্ভরশীল নয়। বরং একে অপরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন দক্ষতার সমন্বয়ই তাদের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। দলের পাহারাদাররা সম্ভাব্য বিপদ শনাক্ত করে, সতর্কতামূলক সংকেত সবার প্রতিক্রিয়াকে সমন্বিত করে, ভূগর্ভস্থ আশ্রয় তাদের নিরাপত্তা দেয় এবং অভিজ্ঞতা থেকে অর্জিত খাদ্য সংগ্রহের কৌশল কঠিন খাবারকেও সহজলভ্য করে তোলে।
মিরক্যাটদের জীবনযাপন প্রমাণ করে, প্রাকৃতিক জগতে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতার গুরুত্ব কতটা অপরিসীম। এমনকি আকারে ছোট প্রাণীরাও প্রতিকূল পরিবেশে সফলভাবে টিকে থাকতে পারে, যদি তাদের আচরণ পরিবেশের সঙ্গে মানানসই হয় এবং তারা দলবদ্ধভাবে কাজ করতে পারে।

আপনার পছন্দের তালিকা

দেখার জন্য একটি তালিকা বেছে নিন