উদ্ভিদ
আইরিস ফুলের রহস্য!
প্রিয় পাঠক, সাধারণত আমরা ফুলের পাপড়িগুলোকে ডেইজি বা বাটারকাপের মতো চারদিকে সমানভাবে ছড়িয়ে থাকতে দেখি। কিন্তু আইরিস ফুলের গঠন একেবারেই আলাদা। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়, এর পাপড়িগুলোর বিন্যাস কিছুটা অসম।
তিনটি পাপড়ি খাড়াভাবে ওপরের দিকে উঠে থাকে, অন্য তিনটি নিচের দিকে ঝুলে পড়ে এবং মাঝখানে তৈরি হয় বসার মতো একটি ছোট জায়গা।
এই বিশেষ আকৃতি কেবল ফুলের সৌন্দর্য বাড়ানোর জন্য নয়; এর পেছনে রয়েছে কার্যকর একটি প্রাকৃতিক কৌশল। একবার আইরিসের পাপড়িগুলোর এই বিন্যাস সম্পর্কে জানতে পারলে, বাগানে ফুলটি দেখার সময় আর বিষয়টি আপনার চোখ এড়িয়ে যাবে না।
তিনটি খাড়া ও তিনটি ঝুলন্ত পাপড়ির বিন্যাস
আইরিস ফুলের সোজা হয়ে দাঁড়িয়ে থাকা পাপড়িগুলোকে বলা হয় 'স্ট্যান্ডার্ড' (standards), আর নিচের দিকে ঝুলে থাকা পাপড়িগুলোর নাম 'ফলস' (falls)। 'বিয়ার্ডেড আইরিস' (bearded iris)-এর ক্ষেত্রে নিচের পাপড়িগুলো বাইরের দিকে ও নিচের দিকে বাঁকানো থাকে। অন্যদিকে, ওপরের পাপড়িগুলো অনেকটা বাটির মতো আকৃতি তৈরি করে খাড়া হয়ে থাকে।
এই বিশেষ বিন্যাসের কারণে আইরিস ফুলকে সহজেই অন্য ফুল থেকে আলাদা করা যায়। বাগানের অনেক দূর থেকেও বিভিন্ন ফুলের সমারোহের মধ্যে এর স্বতন্ত্র গঠন চোখে পড়ে। পাপড়ির রঙের বৈপরীত্যও ফুলটিকে সহজে শনাক্ত করতে সাহায্য করে। অনেক জাতের আইরিসে, বিশেষ করে গাঢ় বেগুনি রঙের বিয়ার্ডেড আইরিসে, নিচের পাপড়িগুলো কেন্দ্রের সঙ্গে যেখানে মিলিত হয়, সেখানে হালকা রঙের একটি অংশ দেখা যায়।

মৌমাছির জন্য অবতরণ ক্ষেত্র
আইরিসের নিচের পাপড়িগুলো শুধু সৌন্দর্য বাড়ায় না; এগুলো মৌমাছির বসার জন্য ছোট একটি মঞ্চের মতো কাজ করে। বিয়ার্ডেড আইরিসের এই পাপড়িগুলোতে 'বিয়ার্ড' (beard) বা লোমশ একটি অংশ থাকে, যা ফুলের মকরন্দ বা নেক্টারের উৎসের ঠিক সামনে অবস্থান করে।
মৌমাছি পাপড়ির ওপর থাকা রঙের সংকেত অনুসরণ করে ফুলের কাছে আসে এবং সেখানে অবতরণ করে। এরপর লোমশ অংশটি অতিক্রম করে ভেতরের দিকে প্রবেশ করার সময় তার পিঠে পরাগরেণু লেগে যায়। অর্থাৎ, আইরিস ফুলের গঠন কেবল প্রতিসাম্য (symmetry) বজায় রাখার জন্য তৈরি হয়নি; বরং মৌমাছির মতো নির্দিষ্ট পরাগায়নকারীর চলাচল ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এর বিশেষ আকৃতি গড়ে উঠেছে।
এই আকৃতি যেভাবে পরাগায়নে সাহায্য করে
আইরিস ফুলের এই বিশেষ গঠন পরাগরেণু স্থানান্তরের প্রক্রিয়াকে অনেকটাই নিয়ন্ত্রিত রাখে। বিয়ার্ডেড আইরিসের 'স্টাইল আর্ম' (style arms) বা গর্ভদণ্ডের অংশগুলো পুংকেশরের ওপরে অবস্থান করে এবং এক ধরনের শারীরিক বাধা তৈরি করে। এর ফলে মৌমাছির মাধ্যমে বহন করে আনা পরাগরেণু একই ফুলের নিজের গর্ভমুণ্ডে না পড়ে অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে পৌঁছানোর সুযোগ পায়। এভাবে পর-পরাগায়ন (cross-pollination) ঘটতে পারে, যা উদ্ভিদের জিনগত বৈচিত্র্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্যদিকে, যেসব প্রজাতির উদ্ভিদে সহজে স্ব-পরাগায়ন ঘটে, যেমন কিছু ছোট বুনো আইরিস, সেগুলোর নিচের পাপড়ি বা 'ফলস' (falls) সাধারণত খুব বেশি আকর্ষণীয় বা জাঁকজমকপূর্ণ হয় না। এ ছাড়া, এসব পাপড়িতে থাকা লোমশ অংশ বা 'বিয়ার্ড' (beard) তুলনামূলকভাবে পাতলা হয়। কারণ, এ ধরনের উদ্ভিদের পরাগায়নের জন্য কোনো বাহক পতঙ্গকে বিশেষভাবে আকৃষ্ট করা বা নির্দিষ্ট পথে পরিচালিত করার প্রয়োজন তুলনামূলকভাবে কম।
আইরিসের বিভিন্ন প্রজাতি, বিভিন্ন আকৃতি
সব আইরিসের ফুলেই যে 'বিয়ার্ড' বা লোমশ অংশ থাকে, তা নয়। বরং প্রজাতিভেদে এদের পাপড়ির গঠন ও বিন্যাসে বেশ বৈচিত্র্য দেখা যায়, যা ফুলগুলোর পরাগায়ন কৌশলকেও আলাদা করে তোলে।
রাশিয়ান আইরিসের নিচের পাপড়িগুলো সরু ও খাড়া ধরনের এবং এতে কোনো 'বিয়ার্ড' থাকে না। এদের এই গঠন ভিন্ন ধরনের পরাগায়নকারী পতঙ্গের জন্য উপযোগী। অন্যদিকে, ডাচ আইরিসের ফুল বসন্তকালে ফুলের দোকানগুলোতে প্রায়ই দেখা যায়। এদের নিচের পাপড়িগুলো তুলনামূলকভাবে ছোট ও ঘনভাবে ভাঁজ করা থাকে এবং পুরো ফুলের গঠন বেশ হালকা দেখায়।
জাপানি আইরিসের ক্ষেত্রে পাপড়ির বিন্যাস আরও আলাদা। এদের নিচের পাপড়িগুলো প্রশস্ত ও সমতল এবং প্রায় অনুভূমিকভাবে চারদিকে ছড়িয়ে থাকে।
একটি বিয়ার্ডেড আইরিস ও একটি জাপানি আইরিস পাশাপাশি রাখলে এদের সাধারণ গঠন—তিনটি খাড়া এবং তিনটি নিচের দিকে ঝুলে থাকা পাপড়ি—সহজেই বোঝা যায়। তবে পাপড়িগুলোর আকার ও অনুপাতের পার্থক্য দেখলেই স্পষ্ট হয়, প্রজাতিভেদে এদের গঠন ভিন্ন ভিন্ন পরাগায়নকারী পতঙ্গের উপযোগী হয়ে উঠেছে।

চাষাবাদের ক্ষেত্রে এর তাৎপর্য
আইরিস ফুলের বিশেষ গঠন শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, বাগানে এগুলোর পরিচর্যা ও চাষাবাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 'বিয়ার্ডেড আইরিস'-এর রাইজোম বা ভূগর্ভস্থ কাণ্ডের জন্য পর্যাপ্ত সূর্যালোক প্রয়োজন। এগুলো খুব গভীরে পুঁতে রাখলে কিংবা অতিরিক্ত ঘন করে লাগালে পাপড়ির প্রশস্ত অংশে পানি জমে থাকতে পারে, যা গাছের পচন ঘটাতে পারে।
তাই বিয়ার্ডেড আইরিস এমন জায়গায় রোপণ করা উচিত, যেখানে রাইজোমের প্রায় অর্ধেক অংশ মাটির ওপরে থাকে। পাশাপাশি, প্রতিটি গাছের মধ্যে ১২ থেকে ১৮ ইঞ্চি দূরত্ব রাখা প্রয়োজন।
অন্যদিকে, রাশিয়ান ও জাপানি আইরিস তুলনামূলকভাবে ভেজা মাটিতেও ভালোভাবে টিকে থাকতে পারে। অর্থাৎ, ফুলের গঠন ও প্রজাতি সম্পর্কে ধারণা থাকলে কোন ধরনের পরিবেশে গাছটি ভালোভাবে বেড়ে উঠবে, তা সহজেই বোঝা যায়।
পরবর্তী সময়ে বাগানের পাশে কোনো আইরিস ফুল চোখে পড়লে একটু কাছে গিয়ে ভালোভাবে লক্ষ্য করুন—কোন পাপড়িগুলো খাড়াভাবে দাঁড়িয়ে আছে আর কোনগুলো নিচের দিকে ঝুলে রয়েছে। পাপড়ির এই সামান্য বৈশিষ্ট্য থেকেই ফুলটির পরাগায়ন কৌশল এবং কোন ধরনের পতঙ্গের জন্য এটি উপযোগী, সে সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। কোনো নির্দেশিকাবই না খুলেই উদ্ভিদের গঠন ও প্রকৃতি সম্পর্কে জানার এটি একটি সহজ ও আকর্ষণীয় উপায়।