উদ্ভিদ
পৃথিবীর প্রাচীন গাছগুলো
একটি গাছ প্রাচীন হতে হলে যে তাকে বনের অন্য সব গাছের চেয়ে অনেক উঁচু হতে হবে, এমন কোনো নিয়ম নেই। পৃথিবীর সবচেয়ে পুরোনো জীবিত গাছগুলোর মধ্যে অনেকগুলোই বেশ খাটো, আঁকাবাঁকা এবং যাদের বাকলের কিছু অংশ খসে পড়েছে।
এগুলো পাথুরে পাহাড়ের ঢালে টিকে থাকে, যেখানে হাড়কাঁপানো ঠান্ডা, অনুর্বর মাটি এবং অবিরাম বাতাসের কারণে বেঁচে থাকাই কঠিন।
এসব গাছের বয়স অবিশ্বাস্য রকমের বেশি। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। হাজার হাজার বছর ধরে টিকে থাকা একটি একক কাণ্ড এবং একই শিকড় ব্যবস্থা থেকে বারবার নতুন কাণ্ড গজিয়ে বেঁচে থাকা উদ্ভিদ—এই দুটি বিষয় এক নয়। উভয় ক্ষেত্রেই পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং দীর্ঘকাল টিকে থাকার অসাধারণ কৌশল দেখা যায়।
ব্রিসলকোন পাইন গাছের রেকর্ড
ক্যালিফোর্নিয়ার হোয়াইট মাউন্টেনস অঞ্চলে ‘গ্রেট বেসিন ব্রিসলকোন পাইন’ (Great Basin bristlecone pine) প্রজাতির গাছ প্রায় পাঁচ হাজার বছর ধরে বেঁচে রয়েছে।
‘মেথুসেলাহ’ (Methuselah) নামে পরিচিত একটি বিখ্যাত গাছের বয়স ৪,৮০০ বছরেরও বেশি। এটি ক্লোন প্রক্রিয়ায় জন্মানো নয়, এমন নিশ্চিতভাবে শনাক্ত করা সবচেয়ে প্রাচীন জীবিত গাছগুলোর একটি। মজার বিষয় হলো, মিশরের গিজার গ্রেট পিরামিড নির্মাণেরও বহু আগে এই গাছটি বেড়ে উঠতে শুরু করেছিল।
এই পাইন গাছগুলো পাহাড়ের উন্মুক্ত ঢালে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ মিটারেরও বেশি উচ্চতায় জন্মে। সেখানে পাতলা মাটি, প্রচণ্ড ঠান্ডা এবং পানির স্বল্পতা গাছের বৃদ্ধিকে ধীর করে দেয়। এদের অনেকগুলোই ডলোমাইট শিলার ওপর তৈরি মাটিতে বেড়ে ওঠে, যেখানে পুষ্টি উপাদান খুব কম এবং অন্যান্য উদ্ভিদের উপস্থিতিও সীমিত।
এদের বার্ষিক বৃদ্ধির বলয় (Growth Rings) অত্যন্ত সরু হতে পারে। পাশাপাশি ঘন ও রজনসমৃদ্ধ কাঠ গাছগুলোকে পচন থেকে রক্ষা করতে সাহায্য করে।
বিজ্ঞানীরা মূলত ‘ডেনড্রোক্রোনোলজি’ (Dendrochronology) বা গাছের বার্ষিক বৃদ্ধির বলয় বিশ্লেষণের মাধ্যমে এদের বয়স নির্ধারণ করেন। তবে গাছটির ক্ষতি এড়াতে ‘মেথুসেলাহ’-এর সঠিক অবস্থান জনসমক্ষে প্রকাশ করা হয় না।
পুরনো মানেই যে লম্বা, তা নয়
বিশাল ও সুউচ্চ কোনো গাছ দেখতে নিঃসন্দেহে আকর্ষণীয়। কিন্তু শুধু উচ্চতা দেখে গাছটির বয়স সম্পর্কে খুব বেশি ধারণা পাওয়া যায় না।
প্রাচীন ব্রিসলকোন পাইন গাছগুলো সাধারণত অত্যন্ত ধীরে বেড়ে ওঠে। প্রতিকূল আবহাওয়ার প্রভাবে এদের কাণ্ড ও ডালপালা অনেক সময় আঁকাবাঁকা এবং অসমান আকৃতি ধারণ করে। কিছু গাছ এমনভাবে টিকে থাকে যে, শিকড় থেকে শুরু করে ওপরের ডালপালা পর্যন্ত সংযোগ বজায় রাখে কেবল জীবিত টিস্যুর একটি সরু অংশ।
গাছের কাণ্ডের বড় একটি অংশ মৃত হয়ে গেলেও জীবিত অংশগুলোতে নতুন কাঠ ও পাতা বা সূচের মতো পত্রক (Needles) তৈরি হতে থাকে। এই ধরনের বৃদ্ধিকে অনেক সময় ‘স্ট্রিপ-বার্ক গ্রোথ’ (Strip-bark growth) বা বাকলের ফালি ধরে বৃদ্ধি বলা হয়।
জীবিত টিস্যুর সামান্য অংশ সচল রেখেও একটি গাছ তার অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। অবশ্য ধীরগতিতে বেড়ে ওঠা মানেই দীর্ঘ আয়ু নিশ্চিত নয়। তবে পার্বত্য অঞ্চলের এসব অসাধারণ গাছের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

সহস্রাব্দকাল টিকে থাকা অন্যান্য প্রজাতি
ব্রিসলকোন পাইন (Bristlecone pines) একমাত্র গাছের প্রজাতি নয়, যারা অস্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারে।
চিলি ও আর্জেন্টিনার নাতিশীতোষ্ণ বৃষ্টিবহুল বনাঞ্চলে ‘আলের্সে’ (Alerce) বা প্যাটাগোনিয়ান সাইপ্রাস গাছ দেখা যায়। এই প্রজাতির কিছু গাছের বয়স ৩,০০০ বছরেরও বেশি বলে নিশ্চিত হওয়া গেছে।
চিলিতে অবস্থিত ‘গ্রান আবুয়েলো’ (Gran Abuelo) নামে পরিচিত একটি বিশাল গাছের বয়স ৫,০০০ বছরেরও বেশি হতে পারে বলে ধারণা করা হয়। তবে এই বয়স নির্ধারণের পদ্ধতি সরাসরি গাছের বৃদ্ধির বলয় গোনার ওপর নির্ভরশীল নয়; বরং এতে গাণিতিক মডেলিং ব্যবহার করা হয়েছে। তাই গাছটির প্রকৃত বয়স নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
তাসমানিয়ায় জন্মানো হুয়ন পাইন (Huon pine) প্রজাতির গাছও হাজার হাজার বছর ধরে টিকে থাকতে পারে। মাউন্ট রিডে অবস্থিত হুয়ন পাইনের একটি গোষ্ঠী অঙ্গজ প্রজনন (Vegetative reproduction) প্রক্রিয়ায় প্রায় ১০,০০০ বছর বা তারও বেশি সময় ধরে টিকে রয়েছে। যদিও বর্তমানে দৃশ্যমান গাছের কাণ্ডগুলোর বয়স তুলনামূলকভাবে অনেক কম।
এই উদাহরণগুলো দেখায়, অসাধারণ দীর্ঘায়ু কেবল কোনো একটি নির্দিষ্ট জলবায়ু বা উদ্ভিদ প্রজাতির মধ্যেই সীমাবদ্ধ নয়।
প্রতিকূল পরিবেশ কীভাবে সহায়ক হতে পারে
শুনতে কিছুটা স্ববিরোধী মনে হলেও, অত্যন্ত প্রতিকূল পরিবেশ কখনো কখনো দীর্ঘজীবী গাছের টিকে থাকার ক্ষেত্রে সহায়ক হতে পারে। কারণ, কিছু নির্দিষ্ট পরিবেশগত চাপ এমন কয়েকটি ঝুঁকি কমিয়ে দেয়, যেগুলো অন্যথায় গাছের আয়ু কমিয়ে দিতে পারত।
পাহাড়ের শীতল ও শুষ্ক ঢালে ধীরগতিতে বেড়ে ওঠা এবং জৈবিক কার্যকলাপ সীমিত থাকার কারণে গাছের কাঠ দীর্ঘস্থায়ী হতে পারে। পাশাপাশি আশপাশে অন্যান্য উদ্ভিদের সংখ্যা কম থাকায় প্রতিযোগিতাও তুলনামূলকভাবে কম হয়। কিছু এলাকায় গাছপালা কম থাকার কারণে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকিও হ্রাস পেতে পারে।
ব্রিসলকোন পাইন গাছগুলো এ ধরনের পরিবেশের সঙ্গে অসাধারণভাবে মানিয়ে নিয়েছে। এদের ঘন কাঠ, দীর্ঘস্থায়ী রজন (Resin) এবং কেবল জীবিত অংশগুলো সচল রেখে টিকে থাকার ক্ষমতা বিভিন্ন ধরনের ক্ষতি মোকাবিলায় সাহায্য করে।
তবে প্রতিকূল পরিবেশই দীর্ঘায়ুর একমাত্র কারণ নয়। তীব্র খরা, দাবানল, রোগবালাই এবং তাপমাত্রা বৃদ্ধি—এসব কারণে প্রাচীন গাছও ধ্বংস হয়ে যেতে পারে।
এ ছাড়া বৃদ্ধির গতি ও আয়ুর মধ্যে সম্পর্কও সব প্রজাতির ক্ষেত্রে এক রকম নয়। কিছু দ্রুতবর্ধনশীল গাছ শত শত বছর বেঁচে থাকতে পারে, আবার অন্য কিছু গাছ তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যেই মারা যায়।
ক্লোন বা বংশবিস্তারের ধরন বয়স নির্ণয়কে জটিল করে তোলে
ধরা যাক, কোনো গাছের কাণ্ড মারা গেছে, কিন্তু তার শিকড় ব্যবস্থা এখনো জীবিত রয়েছে এবং সেখান থেকে নতুন কাণ্ড জন্ম নিচ্ছে। সে ক্ষেত্রে গাছটির বয়স কীভাবে নির্ধারণ করা হবে?
এই প্রশ্নটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন গাছ শনাক্ত করার বিষয়টিকে আরও জটিল করে তোলে। সুইডেনের ফুলুফিয়েল্লেত (Fulufjället) জাতীয় উদ্যানে ‘ওল্ড চিকো’ (Old Tjikko) নামে পরিচিত একটি নরওয়ে স্প্রুস গাছের শিকড় ব্যবস্থার বয়স প্রায় ৯,৫৫০ বছর বলে নির্ধারণ করা হয়েছে।
তবে গাছটির বর্তমানে দৃশ্যমান কাণ্ডটি তুলনামূলকভাবে নতুন। এর অসাধারণ দীর্ঘ বয়স বলতে মূলত বোঝানো হয়, উদ্ভিদটি কাণ্ডের একাধিক প্রজন্মের মাধ্যমে ধারাবাহিকভাবে টিকে রয়েছে।
একই ধরনের বৈশিষ্ট্য দেখা যায় যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে অবস্থিত ‘পান্ডো’ (Pando) নামের বিশাল ‘কোয়াকিং অ্যাসপেন’ (Quaking aspen) ক্লোন উদ্ভিদের ক্ষেত্রে। এর হাজার হাজার কাণ্ড একটি অভিন্ন শিকড় ব্যবস্থা থেকে জন্মেছে। এ কারণে পুরো বনটিকে একটি একক ক্লোনাল জীব হিসেবে বিবেচনা করা হয়।
পান্ডোর প্রতিটি কাণ্ড সাধারণত কয়েক দশক থেকে এক শতাব্দীর কিছু বেশি সময় পর্যন্ত বেঁচে থাকে। তবে এর শিকড় ব্যবস্থা অনেক বেশি পুরোনো হতে পারে। পান্ডোর প্রকৃত বয়স এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি। তাই হাজার হাজার বছরের যে আনুমানিক বয়সের কথা বলা হয়, সেটিকে নিশ্চিত পরিমাপ হিসেবে বিবেচনা করা ঠিক নয়।
বিজ্ঞানীরা কীভাবে প্রাচীন বয়স যাচাই করেন
বাইরে থেকে কোনো গাছকে পুরোনো দেখালেই যে সেটি প্রকৃতপক্ষে বহু প্রাচীন, তা নিশ্চিত হওয়া যায় না। এ কারণে গবেষকেরা বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে গাছের বয়স যাচাই করেন।
তাঁরা প্রায়ই ‘ইনক্রিমেন্ট বোরার’ (Increment Borer) নামের বিশেষ ধরনের ড্রিল ব্যবহার করে গাছের কাণ্ড থেকে সরু কাঠের নমুনা সংগ্রহ করেন। এর মাধ্যমে পুরো গাছ কেটে না ফেলেই এর বার্ষিক বৃদ্ধির বলয় (Growth Rings) পরীক্ষা করা সম্ভব হয়।
জীবিত ও মৃত গাছের বৃদ্ধির বলয়ের ধরন তুলনা করে বিজ্ঞানীরা নির্ভরযোগ্য কালানুক্রমিক ধারাও তৈরি করতে পারেন। তবে গাছের ভেতরের কাঠ বা হার্টউড (Heartwood) অনুপস্থিত থাকা, অনিয়মিত বৃদ্ধি এবং পচন প্রক্রিয়ার কারণে সঠিক বয়স নির্ধারণ কঠিন হয়ে উঠতে পারে।
এ ক্ষেত্রে রেডিওকার্বন ডেটিং (Radiocarbon Dating) বাড়তি তথ্য দিতে পারে। বিশেষ করে প্রাচীন কাঠ বা শিকড়ের নমুনা পরীক্ষা করার সময় এই পদ্ধতি কার্যকর। তবে এটি সবসময় একটি সম্পূর্ণ জীবন্ত উদ্ভিদের প্রকৃত বয়স নির্দেশ করতে পারে না।

ক্লোনাল কলোনি বা একই উৎস থেকে উৎপন্ন গাছের সমষ্টির ক্ষেত্রে বয়স নির্ধারণ আরও জটিল। কারণ, এদের সবচেয়ে পুরোনো টিস্যু বা কলা হয়তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে।
এই কারণেই বিজ্ঞানীরা নিশ্চিতভাবে নির্ধারিত বয়স এবং আনুমানিক বয়সের মধ্যে পার্থক্য করেন। পাশাপাশি একটি গাছের পৃথক কাণ্ডের আয়ুষ্কালকে তার সঙ্গে যুক্ত শিকড় ব্যবস্থার আয়ুষ্কাল থেকে আলাদাভাবে বিবেচনা করেন।
পৃথিবীর সবচেয়ে প্রাচীন গাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকার বিষয়ে আমাদের প্রচলিত ধারণাকে নতুনভাবে ভাবতে শেখায়। কিছু গাছ প্রায় ৫,০০০ বছর ধরে একক কাণ্ড হিসেবে টিকে রয়েছে, আবার কিছু উদ্ভিদ একই শিকড় ব্যবস্থা থেকে বারবার নতুন কাণ্ড জন্ম দেওয়ার মাধ্যমে হাজার হাজার বছর ধরে বেঁচে আছে।
এদের দীর্ঘায়ুর পেছনে কাজ করে জীববিজ্ঞান, পরিবেশগত পরিস্থিতি এবং অসাধারণ সহনশীলতার এক অনন্য সমন্বয়। প্রতিকূল পরিবেশ কখনো কখনো অন্যান্য উদ্ভিদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা কাঠের পচন থেকে গাছকে রক্ষা করতে পারে। আবার একই পরিবেশ তাকে বড় ধরনের ঝুঁকির মুখেও ফেলতে পারে।
সম্ভবত সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, একটি গাছের বাহ্যিক চেহারা দেখে তার দীর্ঘ ইতিহাস সম্পর্কে খুব সামান্যই ধারণা পাওয়া যায়। ছোট, আঁকাবাঁকা ও জরাজীর্ণ দেখতে কোনো পাইন গাছ হয়তো এমন এক সময় থেকেই বেঁচে আছে, যখন বহু সভ্যতার উত্থান ঘটেছে, আবার সময়ের প্রবাহে সেগুলোর অনেকগুলোই হারিয়ে গেছে।