প্রাণী
কর্জি কুকুর জেদি?
কর্জি (Corgi) কুকুর তাদের ছোট পা, হাসিখুশি মুখভঙ্গি এবং প্রাণবন্ত স্বভাবের জন্য বেশ পরিচিত। তবে যারা এই কুকুরের সঙ্গে থাকেন, তারা হয়তো আরও একটি বৈশিষ্ট্য লক্ষ করেছেন—তাদের জেদি মনোভাব।
অনেক সময় তারা পরিচিত নির্দেশ উপেক্ষা করে, হাঁটার সময় নিজেদের পছন্দমতো পথ বেছে নেয় কিংবা কোনো কাজে আগ্রহ না থাকলে সেখান থেকে সরে যায়।
তাহলে কি কর্জিদের স্বভাব সত্যিই কঠিন? আসলে বিষয়টি তেমন নয়। তাদের এমন আচরণের পেছনে রয়েছে স্বাধীনচেতা মনোভাব, বুদ্ধিমত্তা এবং নিজস্ব পছন্দ-অপছন্দ। এই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে বুঝতে পারলে মালিকরা তাদের কর্জি কুকুরের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবেন এবং গড়ে তুলতে পারবেন আরও ঘনিষ্ঠ ও আনন্দময় সম্পর্ক।

স্বাধীন স্বভাব
কর্জিদের প্রশিক্ষণ দেওয়া কখনো কখনো কঠিন মনে হওয়ার অন্যতম কারণ হলো তাদের স্বাধীনচেতা স্বভাব। তারা সবসময় সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করে না, বিশেষ করে আশপাশের কোনো আকর্ষণীয় বিষয় তাদের মনোযোগ কেড়ে নিলে।
ধরুন, আপনি আপনার কর্জিকে বসতে (sit) বললেন, কিন্তু সে বসার পরিবর্তে শুয়ে পড়ল। আবার হাঁটার সময় আপনার নির্দেশ মেনে চলার বদলে কোনো আকর্ষণীয় ঘাসের দিকে আপনাকে টেনে নিয়ে যেতে পারে। এসব আচরণের অর্থ এই নয় যে কুকুরটি ইচ্ছাকৃতভাবে অবাধ্য হচ্ছে। কর্জিরা অনেক সময় নিজেরাই সিদ্ধান্ত নিতে পছন্দ করে। তাই তাৎক্ষণিকভাবে নির্দেশ পালনের প্রত্যাশা না করে তাদের সহজ ও স্পষ্ট নির্দেশ দিন এবং সাড়া দেওয়ার জন্য কিছুটা সময় দিন।
এক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পরিচিত নির্দেশের জন্য প্রতিবার একই সহজ শব্দ ব্যবহার করুন এবং কাঙ্ক্ষিত আচরণ করলে তাকে পুরস্কৃত করুন। এতে ধীরে ধীরে সে বুঝতে শিখবে, কোন আচরণটি তার কাছ থেকে প্রত্যাশা করা হচ্ছে।
বুদ্ধিমত্তা এবং চতুর অভ্যাস
কর্জিরা বেশ বুদ্ধিমান কুকুর। তারা দ্রুত দৈনন্দিন রুটিন শিখে ফেলে এবং বিভিন্ন আচরণের মধ্যকার যোগসূত্রও বুঝতে পারে। কোন কাজ করলে মালিকের মনোযোগ পাওয়া যায় কিংবা প্রিয় কোনো পুরস্কার মেলে, সেটিও তারা সহজেই শিখে নেয়।
যেমন, মালিক যখন কর্জিকে দ্রুত হাঁটার জন্য উৎসাহিত করেন, তখন সে হয়তো ইচ্ছা করেই ধীরে চলতে শুরু করে। আবার ক্ষুধা লাগলে কেউ কেউ খাবারের পাত্রের পাশে গিয়ে বসে থাকে। প্রশিক্ষণের সময়ও তারা মজার কিছু অভ্যাস তৈরি করতে পারে। যেমন, হাত মেলানোর (shake hands) নির্দেশ দিলে হয়তো প্রত্যাশিত পা না বাড়িয়ে অন্য পা এগিয়ে দেয়!
এসব আচরণ মূলত তাদের কৌতূহল ও শেখার প্রক্রিয়ারই অংশ। কুকুররা নিজেদের কাজের প্রতি মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে। একই ধরনের অভিজ্ঞতা বারবার ঘটলে সেগুলোর ভিত্তিতেই তাদের অভ্যাস গড়ে ওঠে।
এক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ভালো আচরণের জন্য পুরস্কার দেওয়া। ছোট ছোট খাবার (treats), প্রিয় খেলনা কিংবা আনন্দের সঙ্গে প্রশংসা করার মাধ্যমে তাদের উৎসাহিত করা যায়। প্রশিক্ষণের সময় সংক্ষিপ্ত রাখুন, একবারে একটি নির্দেশ শেখান এবং প্রতিটি সেশন ইতিবাচক অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ করুন।
স্বাধীন মানেই স্নেহহীন নয়
কিছু কর্জি মালিকের কাছাকাছি থাকতে খুব ভালোবাসে, আবার কেউ কেউ দিনের কিছুটা সময় একা কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এমনও হতে পারে, একটি কুকুর আনন্দের সঙ্গে নিজের খেলনা নিয়ে খেলছে, কিন্তু কেউ বিরক্ত করলে সে সেখান থেকে সরে যাচ্ছে। এই স্বাধীনচেতা আচরণকে স্নেহ বা ভালোবাসার অভাব বলে ভুল করা উচিত নয়।
শারীরিক স্পর্শের ক্ষেত্রেও প্রতিটি কর্জির নিজস্ব পছন্দ রয়েছে। কোনোটি হয়তো আদর করে হাত বুলিয়ে দেওয়া উপভোগ করে, আবার অন্যটি কোলে ওঠার পরিবর্তে মালিকের পাশে বসে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাদের প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলে বোঝা যায়, কোন ধরনের আচরণে তারা সবচেয়ে বেশি আরাম অনুভব করে
কোনো কর্জি তার প্রিয় খেলনা বা খাবারের কাছে কাউকে আসতে দেখে অস্বস্তি প্রকাশ করলে হঠাৎ করে সেগুলো কেড়ে নেওয়া উচিত নয়। বরং তার পছন্দকে সম্মান করুন এবং শান্তভাবে আদান-প্রদানের অভ্যাস গড়ে তুলুন। এতে কুকুরটির সঙ্গে মালিকের পারস্পরিক বিশ্বাস আরও দৃঢ় হবে।
ভালো আচরণে উৎসাহিত করার চারটি উপায়
চাপ প্রয়োগের পরিবর্তে পুরস্কার ব্যবহার করুন
আপনার কর্জিকে ডাকলে কাছে আসার প্রশিক্ষণ দেওয়ার সময় নিচু হয়ে বসুন, আনন্দিত কণ্ঠে ডাকুন এবং ছোট কোনো পুরস্কার, যেমন খাবারের টুকরো দেখান। সে কাছে এলে প্রশংসা করুন এবং পুরস্কার দিন। ক্রেট ট্রেনিং বা খাঁচায় থাকার অভ্যাস গড়ে তুলতে খাঁচার ভেতরে খাবার বা ট্রিট রেখে তাকে স্বেচ্ছায় প্রবেশ করতে উৎসাহিত করতে পারেন।
অবাঞ্ছিত আচরণ অন্য দিকে সরিয়ে নিন (Redirect)
আপনার কর্জি যদি ডাস্টবিনের প্রতি অতিরিক্ত আগ্রহ দেখায়, তাহলে তার মনোযোগ অন্য কোনো উপযুক্ত খেলনার দিকে সরিয়ে দিন। সে ডাস্টবিন থেকে সরে এলে সেটি সরিয়ে ফেলুন অথবা নিরাপদ স্থানে রাখুন। এভাবে বারবার তার মনোযোগ অন্যদিকে পরিচালিত করলে অনাকাঙ্ক্ষিত অভ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা কমে।
নিয়মিত ব্যায়ামের ব্যবস্থা করুন
কর্জি জাতের কুকুরের মধ্যে প্রচুর শক্তি থাকে। প্রতিদিন হাঁটানো, হালকা খেলাধুলা এবং ছুড়ে দেওয়া বল বা খেলনা ফিরিয়ে আনার মতো কার্যক্রমের মাধ্যমে তাদের সক্রিয় রাখা যায়। বিভিন্ন মিথস্ক্রিয়ামূলক খেলাও তাদের মানসিকভাবে ব্যস্ত রাখতে সাহায্য করে এবং বাড়িতে অস্থিরতা কমাতে পারে। প্রিয় কোনো খেলনা লুকিয়ে রেখে সেটি খুঁজে বের করতে দেওয়াও তাদের জন্য আনন্দদায়ক একটি কাজ।
তাদের নিজস্ব পছন্দকে সম্মান করুন
আপনার কর্জি যে কাজগুলো পছন্দ করে না, সেগুলো করতে তাকে জোর করবেন না। আদর করার সময় সে সরে গেলে তাকে নিজের মতো থাকার সুযোগ দিন। ঘুমানোর জন্য নতুন কোনো জায়গা তৈরি করলে সেখানে তার পরিচিত কম্বল বা কাপড় রেখে দিতে পারেন। পরিচিত গন্ধ তাকে নতুন পরিবেশে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করবে।
সাধারণ আচরণগত সমস্যাগুলো বোঝা
কোনো কর্জি যদি বারবার ঘরের ভেতরে প্রস্রাব করে, তাহলে তাকে আবার নিয়মিত টয়লেট ট্রেনিং দেওয়া প্রয়োজন। নির্দিষ্ট স্থানে যাওয়ার আগে সে কোনো সংকেত দিচ্ছে কি না, তা খেয়াল করুন। সঠিক জায়গায় কাজটি সম্পন্ন করলে সঙ্গে সঙ্গে প্রশংসা করুন এবং পুরস্কার দিন। ভুলবশত অন্য কোথাও প্রস্রাব করে ফেললে তাকে শাস্তি দেওয়া উচিত নয়।
প্রশিক্ষণের সময় কুকুরটি যদি বারবার ভুল করে, তাহলে শেখানোর পদ্ধতিটি আরও সহজ করে নিন। প্রথমে সহজ কোনো নির্দেশ পালন করতে দিন। সফল হলে তাকে পুরস্কৃত করুন এবং ধীরে ধীরে আরও কঠিন নির্দেশ শেখানোর দিকে এগিয়ে যান।
প্রতিটি প্রশিক্ষণ সেশনকে কঠিন লড়াইয়ে পরিণত করার পরিবর্তে ধৈর্য ধরে বারবার অনুশীলনের সুযোগ দেওয়া অনেক বেশি কার্যকর। কর্জি কুকুরকে কখনো কখনো জেদি মনে হতে পারে, তবে তাদের এই আচরণের পেছনে মূলত রয়েছে বুদ্ধিমত্তা, স্বাধীনচেতা মনোভাব, প্রচুর কর্মশক্তি এবং নিজস্ব পছন্দ-অপছন্দ।

এসব বৈশিষ্ট্যের কারণে তাদের সঙ্গে বসবাস করা কঠিন হয়ে যায় না। বরং তাৎক্ষণিক আনুগত্য আশা না করে ইতিবাচক রুটিন তৈরি করুন, পর্যাপ্ত শারীরিক ও মানসিক কার্যকলাপের সুযোগ দিন এবং সহযোগিতামূলক আচরণের জন্য পুরস্কৃত করুন। ধৈর্য ও ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে মালিকরা তাদের কর্জিকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং এই প্রাণবন্ত সঙ্গীর সঙ্গে গড়ে তুলতে পারবেন আরও দৃঢ়, বিশ্বাসপূর্ণ ও আনন্দময় সম্পর্ক।