প্রাণী
কার্টন বাক্সেই মজে বিড়াল
প্রিয় পাঠক, ধরুন, আপনি আপনার আদরের বিড়ালের জন্য হুডযুক্ত আরামদায়ক বিছানা ও মেমোরি ফোমের নরম কুশন কিনে এনেছেন। কিন্তু সেগুলো একবার শুঁকে দেখেই আপনার বিড়ালটি দিব্যি গিয়ে ঢুকে পড়ল একটি খালি কার্টন বাক্সের ভেতর!
এমন ঘটনা বিড়াল পালন করেন এমন অনেকের বাড়িতেই দেখা যায়। তবে এর অর্থ এই নয় যে বিড়ালটি অকারণে আপনাকে বিরক্ত করছে। আসলে একটি সাধারণ কার্ডবোর্ডের বাক্স তাদের একসঙ্গে বেশ কয়েকটি প্রয়োজন মেটাতে সাহায্য করে।
বাক্স তাপ ধরে রাখতে পারে
বিড়ালের শরীরের স্বাভাবিক তাপমাত্রা মানুষের তুলনায় কিছুটা বেশি—প্রায় ১০০ থেকে ১০২ ডিগ্রি ফারেনহাইট। এ কারণে দিনের অনেকটা সময় তারা আরামদায়ক উষ্ণ জায়গা খুঁজে কাটায়।
কার্ডবোর্ডের বাক্স শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করে। ফলে বাক্সের ভেতরে তৈরি হয় একটি আরামদায়ক উষ্ণ পরিবেশ। এ কারণেই শীতের সকালে ঘরের হিটার চালু থাকা সত্ত্বেও বিড়ালকে একটি ছোট বাক্সের ভেতরে গুটিসুটি মেরে বসে থাকতে দেখা যায়।
কার্ডবোর্ডের স্তরগুলোর মাঝখানে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুপূর্ণ প্রকোষ্ঠ প্রাকৃতিক তাপ নিরোধক হিসেবে কাজ করে। এগুলো বিড়ালের শরীরের নিচে ঠান্ডা বাতাস চলাচল কমিয়ে দেয় এবং শরীরের উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে।
চারপাশের দেয়াল দেয় নিরাপত্তার অনুভূতি
খোলা ঘরের মাঝখানে বিশ্রাম নেওয়ার সময় বিড়ালকে চারপাশের ৩৬০ ডিগ্রি পরিবেশের দিকে নজর রাখতে হয়। কিন্তু বাক্সের ভেতরে থাকলে তাদের সতর্ক থাকার প্রয়োজন অনেকটাই কমে যায়। কারণ তখন মূলত বাক্সের একটি খোলা অংশের দিকেই নজর রাখলেই চলে। এই পরিবেশ তাদের সহজাত শিকারি ও আত্মরক্ষামূলক প্রবৃত্তির সঙ্গে মানানসই।
বন্য বিড়ালরা যেমন নিরাপদ গর্ত কিংবা গাছের কোটরে আশ্রয় নিয়ে ঘুমায়, পোষা বিড়ালের বাক্স পছন্দ করার প্রবণতাও অনেকটা তেমন। এ ধরনের আশ্রয়ে পেছনের দিকটি ঢাকা থাকে, ফলে হঠাৎ আক্রমণের আশঙ্কা কমে যায়।
এমনকি ঘরের ভেতরে থাকা পোষা বিড়ালও চারপাশে উঁচু দেয়ালঘেরা জায়গা পছন্দ করে। কারণ বাক্সের দেয়াল তাদের আড়ালে থাকার অনুভূতি দেয় এবং তুলনামূলক নিরাপদ বোধ করতে সাহায্য করে।

ছোট জায়গা তাদের শান্ত করে
প্রাণী আশ্রয়কেন্দ্রগুলোতে নতুন পরিবেশে আসা বিড়ালের মানসিক চাপ কমাতে দীর্ঘদিন ধরেই কার্ডবোর্ডের বাক্স ব্যবহারের সহজ কৌশলটি অনুসরণ করা হচ্ছে। গবেষণায় দেখা গেছে, উদ্বিগ্ন বিড়ালকে একটি বাক্সে আশ্রয় নেওয়ার সুযোগ দিলে তাদের শরীরে কর্টিসল বা মানসিক চাপের হরমোনের মাত্রা কমতে পারে। এর ফলে কয়েক সপ্তাহের পরিবর্তে মাত্র কয়েক দিনের মধ্যেই তারা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হতে পারে।
চারপাশ ঘেরা থাকায় বাইরের পরিবেশের অতিরিক্ত উদ্দীপনা বিড়ালকে তুলনামূলক কম প্রভাবিত করে। সবকিছু পর্যবেক্ষণ করা বা সারাক্ষণ সতর্ক থাকার প্রয়োজন না থাকায় তাদের স্নায়ুতন্ত্র ধীরে ধীরে উচ্চ সতর্ক অবস্থার পরিবর্তে শান্ত অবস্থায় ফিরে আসতে পারে।
অনেক বিড়াল কার্ডবোর্ডের এই ছোট আশ্রয়টিকে নিজেদের নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করে। তারা কেবল তখনই বাইরে বেরিয়ে আসে, যখন আশপাশের পরিবেশে যথেষ্ট স্বস্তি ও আত্মবিশ্বাস অনুভব করে।
কার্ডবোর্ড ছিঁড়ে ফেলা বেশ মজার
অনেক বিড়ালের কাছে কার্ডবোর্ডের বাক্সের আকর্ষণ শুধু ঘুম বা বিশ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়। এর গঠন নখ বসানোর জন্য বেশ উপযোগী। তাই প্রতিটি কার্টন বাক্সই তাদের কাছে নখ ধারালো করার জায়গা (Scratching Post) কিংবা কামড়ানোর খেলনা হয়ে উঠতে পারে।
বিড়াল যখন থাবার নিচে থাকা বিশেষ ঘর্মগ্রন্থির সাহায্যে কোনো কিছুর কিনারা আঁচড়ায়, খামচায় বা ছিঁড়ে ফেলে, তখন সেখানে তার নিজস্ব গন্ধের চিহ্ন রেখে যায়। এভাবে সে নিজের পছন্দের বিশ্রামের জায়গাটিতে একধরনের অদৃশ্য আঞ্চলিক অধিকার প্রতিষ্ঠা করে। ফলে বাক্সটি শুধু খেলনার মতো আনন্দই দেয় না, বরং পরিচিত ও নিজের বলে মনে হওয়ার অনুভূতিও তৈরি করে।
বাক্সটি সঠিকভাবে স্থাপন করুন
আপনার বিড়াল কোনো বাক্স পছন্দ করবে কি না, তা অনেকটাই নির্ভর করে সেটি কোথায় রাখা হয়েছে তার ওপর। বাক্সটি ঘরের একেবারে খোলা জায়গায় না রেখে কোনো শান্ত কোণে রাখুন। যেমন, দেয়ালের পাশে কিংবা আলমারির ভেতরের কোনো নিরিবিলি জায়গায় এটি রাখা যেতে পারে।
বাক্সটিকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইলে নিচু টেবিল বা মজবুত তাকের মতো কিছুটা উঁচু ও স্থিতিশীল জায়গায় রাখতে পারেন। কারণ বিড়াল নিরাপদ ও উঁচু স্থান থেকে নিজের চারপাশ পর্যবেক্ষণ করতে বেশ পছন্দ করে।
কোনো বাক্স পুরোনো বা কিছুটা জীর্ণ হয়ে গেলেই সেটি ফেলে দেওয়ার প্রয়োজন নেই। কারণ তাতে বিড়ালের পরিচিত গন্ধ মিশে থাকতে পারে। এই পরিচিত গন্ধের কারণে নতুন বাক্সের তুলনায় পুরোনো কার্ডবোর্ডের বাক্সটিই তার কাছে বেশি আরামদায়ক ও নিরাপদ মনে হতে পারে।

বিড়ালের সাধারণ আনন্দগুলোকে আপন করে নিন
আপনার আদরের বিড়ালকে খুশি করতে পোষা প্রাণীর দোকান থেকে দামি বিছানা কিনতে প্রচুর অর্থ খরচ করার প্রয়োজন নেই। পরের বার অনলাইনে কোনো পণ্যের ডেলিভারি এলে খালি কার্টন বাক্সটি ফেলে না দিয়ে রেখে দিন। এরপর ঘরের কোনো শান্ত জায়গায়, বিশেষ করে দেয়ালের পাশে সেটি রেখে দিন। তারপর দেখুন আপনার বিড়াল কীভাবে নতুন আশ্রয়টি আপন করে নেয়!
সম্ভবত প্যাকিং টেপগুলো পুরোপুরি সরিয়ে ফেলার আগেই আপনার বিড়াল তার নতুন ‘কার্ডবোর্ড দুর্গ’ দখল করে নেবে। কে জানে, আপনার কিনে দেওয়া দামি বিছানার চেয়েও এই সাধারণ বাক্সটিই হয়তো তার সবচেয়ে প্রিয় জায়গা হয়ে উঠবে!