উদ্ভিদ
নীল-গোলাপি হাইড্রেনজিয়া!
ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের বাগানগুলোতে হাইড্রেনজিয়া (Hydrangea) তার বর্ণিল ফুলের সমাহারে এক অনন্য সৌন্দর্য যোগ করে। এখানকার মৃদু তাপমাত্রা ও নিয়মিত বৃষ্টিপাত বিভিন্ন প্রজাতির হাইড্রেনজিয়ার বেড়ে ওঠার জন্য বেশ উপযোগী।
নীল, গোলাপি ও সাদা রঙের গোলাকার ফুলের গুচ্ছ একটি সাধারণ বাগানকেও করে তুলতে পারে অসাধারণ আকর্ষণীয়।
তবে শুধু অনুকূল আবহাওয়া থাকলেই যে গাছে প্রচুর ফুল ফুটবে, তা নয়। হাইড্রেনজিয়াকে সুস্থ, সতেজ ও ফুলে ভরপুর রাখতে হলে প্রথমেই জানতে হবে আপনি কোন প্রজাতির গাছ লাগাচ্ছেন। সূর্যের আলো, মাটির আর্দ্রতা, ছাঁটাই (pruning) এবং সার প্রয়োগ—সবকিছুই ফুল ফোটার ওপর প্রভাব ফেলে। তবে প্রতিটি প্রজাতির পরিচর্যার চাহিদা এক নয়।
বাগান পরিচর্যায় কিছু পরিকল্পিত অভ্যাস গড়ে তুললে গাছের বৃদ্ধি ভালো হয়। একই সঙ্গে এমন অনেক সাধারণ ভুল এড়ানো সম্ভব, যেগুলোর কারণে পরবর্তী মৌসুমে ফুলের সংখ্যা কমে যেতে পারে।

সঠিক হাইড্রেনজিয়া ও উপযুক্ত স্থান নির্বাচন করুন
গাছ লাগানোর আগে নিশ্চিত হয়ে নিন, আপনি হাইড্রেনজিয়ার কোন প্রজাতি বা জাতটি বেছে নিচ্ছেন। 'হাইড্রেনজিয়া ম্যাক্রোফিলা' (Hydrangea macrophylla), যা সাধারণত 'বিগলিফ হাইড্রেনজিয়া' (bigleaf hydrangea) নামে পরিচিত, এর গোলাকার ফুলের গুচ্ছ ব্রিটানির বাগানগুলোতে প্রায়ই দেখা যায়। এ ছাড়া প্যানিকল (panicle) ও স্মুথ (smooth) হাইড্রেনজিয়ার মতো অন্যান্য প্রজাতির বেড়ে ওঠার জন্য আলাদা ধরনের পরিবেশ প্রয়োজন।
বিগলিফ হাইড্রেনজিয়ার অনেক জাত সকালের রোদ ও বিকেলের ছায়াযুক্ত পরিবেশে ভালো জন্মে, বিশেষ করে উষ্ণ জলবায়ুতে। অতিরিক্ত ছায়ায় ফুল কম ফুটতে পারে। অন্যদিকে, বিকেলের তীব্র রোদে গাছের পাতা শুকিয়ে যেতে বা ক্ষতিগ্রস্ত হতে পারে।
তবে উপকূলীয় শীতল অঞ্চলে এই গাছগুলো সরাসরি সূর্যের আলো কিছুটা বেশি সহ্য করতে পারে। তাই গাছ লাগানোর জায়গা নির্ধারণের আগে সারাদিন সেখানে সূর্যের আলো কীভাবে পড়ে, তা পর্যবেক্ষণ করুন। এমন স্থান বেছে নিন, যেখানে পর্যাপ্ত আলো পাওয়া যায়, কিন্তু গাছটি অতিরিক্ত তাপের সংস্পর্শে না আসে।
আর্দ্রতা ধরে রাখতে সক্ষম মাটি তৈরি করুন
হাইড্রেনজিয়া এমন মাটিতে সবচেয়ে ভালো জন্মে, যেখানে পর্যাপ্ত আর্দ্রতা বজায় থাকে এবং অতিরিক্ত পানি সহজে নিষ্কাশিত হতে পারে। মাটিতে পানি জমে থাকলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। আবার মাটি খুব দ্রুত শুকিয়ে গেলে উষ্ণ আবহাওয়ায় গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে।
গাছ লাগানোর আগে বৃষ্টির পর নির্দিষ্ট জায়গাটি থেকে পানি কতটা সহজে নিষ্কাশিত হয়, তা পরীক্ষা করে নিন। মাটির সঙ্গে উপযুক্ত জৈব উপাদান মেশালে এর গঠন উন্নত হয় এবং আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বাড়ে। বিশেষ করে বালুময় কিংবা অতিরিক্ত শক্ত বা সংকুচিত (compacted) মাটির ক্ষেত্রে এটি বেশ কার্যকর।
গাছের শিকড়ের বলের (root ball) তুলনায় কিছুটা চওড়া গর্ত তৈরি করুন, তবে গর্ত খুব গভীর করার প্রয়োজন নেই। শিকড়ের বলের ওপরের অংশটি চারপাশের মাটির সমান উচ্চতায় রাখুন। এরপর গর্তটি মাটি দিয়ে ভরাট করে ভালোভাবে পানি দিন।
এ ছাড়া, গাছটি পূর্ণ আকারে বেড়ে উঠলে কতটা জায়গা নেবে, সেটিও আগে থেকে বিবেচনা করুন। প্রতিটি গাছের মধ্যে পর্যাপ্ত দূরত্ব রাখলে পরিচর্যা সহজ হয় এবং বাতাস চলাচলেও কোনো বাধা সৃষ্টি হয় না।
নিয়মিত পানি দিন ও মালচিং (mulch) করুন
হাইড্রেনজিয়ার সুস্থ বৃদ্ধির জন্য নিয়মিত মাটির আর্দ্রতা বজায় রাখা জরুরি। বিশেষ করে নতুন লাগানো গাছের শিকড় মাটিতে ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার সময় এবং উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় বাড়তি যত্ন প্রয়োজন। গাছের বড় বড় পাতা থেকে দ্রুত পানি বাষ্পীভূত হয়, তাই পানির ঘাটতি যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পানি দেওয়ার পরিবর্তে প্রথমে মাটির অবস্থা পরীক্ষা করুন। গাছের শিকড়ের আশপাশের মাটি শুকাতে শুরু করলে ভালোভাবে পানি দিন, যাতে তা মাটির গভীর পর্যন্ত পৌঁছাতে পারে। তবে মাটি সবসময় অতিরিক্ত ভেজা বা স্যাঁতসেঁতে রাখা যাবে না।
গাছের চারপাশে প্রায় ২ থেকে ৩ ইঞ্চি পুরু জৈব মাল্চ বিছিয়ে দিন। এ ক্ষেত্রে খড়, শুকনো পাতা কিংবা কাঠের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। মাল্চ মাটি থেকে পানি বাষ্পীভূত হওয়ার হার কমায় এবং মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
তবে গাছের মূল কাণ্ড বা ডাঁটার গোড়ায় অতিরিক্ত আর্দ্রতা জমতে দেওয়া উচিত নয়। এ জন্য মাল্চ কাণ্ড থেকে কয়েক ইঞ্চি দূরে বিছিয়ে রাখুন।
গরমের দুপুরে হাইড্রেনজিয়ার পাতা কিছুটা নেতিয়ে পড়তে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে গাছে সঙ্গে সঙ্গে আরও পানি দিতে হবে। তাই পানি দেওয়ার আগে মাটির আর্দ্রতা যাচাই করে নেওয়াই ভালো।
ফুলের কুঁড়ি না কেটে ছাঁটাই করুন
ভুল সময়ে কিংবা ভুলভাবে ছাঁটাই করার কারণে হাইড্রেনজিয়া গাছে ফুলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। প্রচলিত বিগলিফ হাইড্রেনজিয়ার (bigleaf hydrangea) অনেক জাতের ফুলের কুঁড়ি আগের মৌসুমে বেড়ে ওঠা পুরনো ডাল বা কাণ্ডে তৈরি হয়।
তাই শরৎ, শীত কিংবা বসন্তের শুরুতে এসব ডাল অতিরিক্ত ছেঁটে ফেললে পরবর্তী মৌসুমে ফুল ফোটার জন্য তৈরি কুঁড়িগুলোও কেটে যাওয়ার আশঙ্কা থাকে।
পুরনো বিগলিফ হাইড্রেনজিয়া গাছের ক্ষেত্রে সাধারণত মৃত, ক্ষতিগ্রস্ত কিংবা দুর্বল ডালগুলো ছেঁটে ফেলাই যথেষ্ট। গাছের আকৃতি আরও সুন্দর ও সুবিন্যস্ত করতে চাইলে কাটার আগে নিশ্চিত হয়ে নিন, নির্দিষ্ট জাতটির ফুল কোন ধরনের ডালে ফোটে।
অন্যদিকে, 'প্যানিকল' (panicle) ও 'স্মুথ' (smooth) হাইড্রেনজিয়ার ফুল সাধারণত নতুন গজানো ডালে ফোটে। তাই প্রয়োজন অনুযায়ী এসব প্রজাতির গাছ বিভিন্ন সময়ে ছাঁটাই করা যায়।
শুকিয়ে যাওয়া ফুল অপসারণের সময় ডাল অকারণে ছোট করে কাটবেন না। বরং সুস্থ কুঁড়ির ঠিক ওপর থেকে সাবধানে ডালটি ছেঁটে দিন।
আপনার বাগানে থাকা হাইড্রেনজিয়ার নির্দিষ্ট জাত সম্পর্কে নিশ্চিত না হলে, ফুল ফোটার ধরন ভালোভাবে বোঝার আগ পর্যন্ত গাছটি বেশি ছাঁটাই করা থেকে বিরত থাকুন।
নীল ও গোলাপি রঙের রহস্য বুঝুন
কিছু বিগলিফ হাইড্রেনজিয়ার ফুলের রং মাটির রাসায়নিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে নীল কিংবা গোলাপি হতে পারে। এর পেছনে প্রধান ভূমিকা রয়েছে মাটিতে অ্যালুমিনিয়ামের উপস্থিতির, যা আবার মাটির পিএইচ (pH) মাত্রার সঙ্গে সম্পর্কিত।
অম্লীয় বা অ্যাসিডিক মাটিতে অ্যালুমিনিয়াম গাছের জন্য তুলনামূলকভাবে সহজলভ্য থাকে। এর ফলে অনেক জাতের হাইড্রেনজিয়ায় নীল রঙের ফুল ফোটে। অন্যদিকে, গাছের জন্য অ্যালুমিনিয়ামের প্রাপ্যতা কম হলে ফুল গোলাপি রঙের হতে পারে।
তবে সব হাইড্রেনজিয়ার ফুলের রং মাটির বৈশিষ্ট্য পরিবর্তন করে বদলানো সম্ভব নয়। কোনো গাছের ফুলের রং পরিবর্তন হবে কি না, তা তার জিনগত বৈশিষ্ট্যের ওপরও নির্ভর করে। সাধারণত সাদা রঙের হাইড্রেনজিয়ার ফুল মাটির গুণাগুণ পরিবর্তন করলেও সাদা থাকে।
ফুলের রং পরিবর্তনের চেষ্টা করার আগে অবশ্যই মাটি পরীক্ষা করিয়ে নিন। মাটির বর্তমান অবস্থা না জেনে তাতে অ্যাসিডিক উপাদান কিংবা চুন (lime) মেশালে পুষ্টি উপাদানের ভারসাম্য নষ্ট হতে পারে।
এ ছাড়া, ফুলের রং পরিবর্তনের প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ এবং সব গাছের ক্ষেত্রে একই ফল পাওয়া যায় না। টবে লাগানো হাইড্রেনজিয়ার ক্ষেত্রে এ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ। কারণ, পুরো বাগানের মাটির তুলনায় টবের ভেতরের বেড়ে ওঠার মাধ্যম বা উপাদান (growing medium) পরিচালনা করা অনেক বেশি সুবিধাজনক।
আরও ভালো ফুল পেতে সতর্কতার সাথে সার প্রয়োগ করুন
সার হাইড্রেনজিয়ার সুস্থ বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। তবে বেশি সার ব্যবহার করলেই যে গাছে বেশি ফুল ফুটবে, এমন কোনো নিশ্চয়তা নেই। অতিরিক্ত নাইট্রোজেন গাছের পাতা ও ডালপালার বৃদ্ধি বাড়াতে পারে, কিন্তু এর ফলে ফুল ফোটার পরিমাণ কমে যেতে পারে।
কোনো হাইড্রেনজিয়া গাছ দুর্বল দেখালে কিংবা স্বাভাবিকের তুলনায় কম ফুল ফুটলে সার প্রয়োগের আগে কয়েকটি বিষয় খতিয়ে দেখুন। গাছটি পর্যাপ্ত সূর্যের আলো পাচ্ছে কি না, নিয়মিত ও সঠিকভাবে পানি দেওয়া হচ্ছে কি না, ছাঁটাই ঠিক সময়ে করা হয়েছে কি না এবং মাটির অবস্থা কেমন—এসব বিষয় আগে বিবেচনা করা জরুরি।
মাটি পরীক্ষা করালে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি সহজেই শনাক্ত করা যায়। এর ভিত্তিতে গাছের জন্য উপযুক্ত পরিচর্যার ব্যবস্থা নেওয়া সম্ভব।
সার প্রয়োগের প্রয়োজন হলে ফুলগাছ বা ঝোপজাতীয় উদ্ভিদের জন্য উপযোগী সার বেছে নিন এবং প্রস্তুতকারকের দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।
বিশেষ করে বর্ধন মৌসুমের শেষ দিকে অতিরিক্ত সার প্রয়োগ করা থেকে বিরত থাকুন। কারণ, এ সময় কিছু প্রজাতির হাইড্রেনজিয়া ধীরে ধীরে সুপ্তাবস্থায় যাওয়ার প্রস্তুতি নেয়।

হাইড্রেনজিয়াকে সুস্থ ও সুন্দর রাখতে ঘনঘন পরিচর্যার চেয়ে সঠিক নিয়মে ভারসাম্যপূর্ণ যত্ন নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। উপযুক্ত পরিবেশ পেলে একটি সুপ্রতিষ্ঠিত হাইড্রেনজিয়া গাছ বছরের পর বছর চমৎকার ফুলের সমাহার উপহার দিতে পারে। তবে সুন্দর ফুল পেতে হলে প্রথমেই গাছটির বিশেষ চাহিদাগুলো বুঝতে হবে। সঠিক জায়গা নির্বাচন, মাটির আর্দ্রতার ভারসাম্য বজায় রাখা এবং গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা জরুরি।
ছাঁটাইয়ের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ, ভুল ডাল কেটে ফেললে তাতে থাকা ফুলের কুঁড়িও নষ্ট হয়ে যেতে পারে। একইভাবে, ফুলের রং পরিবর্তন কিংবা সার প্রয়োগের প্রয়োজনীয়তা নির্ধারণের ক্ষেত্রেও মাটি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সঠিক পরিচর্যা ও সামান্য ধৈর্যের মাধ্যমে হাইড্রেনজিয়া গাছ আপনার বাগানকে সাজিয়ে তুলতে পারে ঘন, বর্ণিল ও মনোমুগ্ধকর ফুলের সমাহারে। এমন ফুলের সৌন্দর্যই ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের বাগানগুলোকে করে তুলেছে এতটা স্মরণীয়।